২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে যথাযথ ব্যবস্থার সুপারিশ মঞ্জুরি কমিশনের

শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বার্ষিক প্রতিবেদনে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ৩৪তম বার্ষিক প্রতিবেদন, ২০০৭ উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 04:32 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বার্ষিক প্রতিবেদনে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ৩৪তম বার্ষিক প্রতিবেদন, ২০০৭ উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। প্রতিবেদনে বলা হয়, "বিগত বছরগুলোতে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের যৌন হয়রানি/নিপীড়নের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, দেশের সুশীল সমাজ, অভিভাবক ও সাধারণ জনগোষ্ঠী বিষয়টি উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে লক্ষ্য করেছে। এ বিষয়টি দেশের শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক ও সাবলীল গতিকে ব্যাহত করছে এবং ক্রমশঃ তা সমগ্র জাতিকে বিশ্ব বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি/নিপীড়ন বন্ধের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।" বিশ্ববিদ্যালয় পর্যায়ে আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে ওই প্রতিবেদনে। এ বিষয়ে বলা হয়," কয়েক বছর ধরে দেশে কয়েকটি বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আত্মহত্যার প্রবণতা উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়টি খুবই স্পর্শকাতর এবং সকল মহলের জন্য তা বেদনাদায়ক ও উৎকণ্ঠার বিষয়। আত্মহত্যা/আত্মহননের পথ থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিং সেন্টার স্থাপন এবং একই সাথে কাউন্সেলর/মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগের কার্যকর ব্যবস্থা করা। সর্বোপরি আত্মহত্যার আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবগুলো চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।" প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়াকে স্বচ্ছ ও মেধাভিত্তিক করা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ও উত্তরপত্র মূল্যায়ন ব্যবস্থায় আরো স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করাসহ বেশ কিছু সুপারিশ করা হয় প্রতিবেদনে । প্রতিবেদনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ শিক্ষাক্ষেত্রে নতুন ধ্যান-ধারণা বাস্তবায়নের লক্ষ্যে শিল্প ও শিক্ষা প্রতিষ্টানের মধ্যে যৌথ অংশীদারিত্ব প্রতিষ্ঠার সুপারিশ করা হয় । উচ্চ শিক্ষায় নিয়োজিত শতকরা প্রায় ৮০ ভাগ শিক্ষার্থীর প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমুহের একাডেমিক, প্রশাসনিক ও পরিচালনা কমিটির কর্মকান্ডের নিয়মিত তদারকি এবং বিশেষ অবস্থায় অধিভুক্তি প্রত্যাহারের ব্যবস্থা সংবলিত নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়েছে ওই প্রতিবেদনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/২২৩২ ঘ.