রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রক্টরিয়াল বডির পদত্যাগের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক ফরিদুল ইসলাম পিন্টু তার পদ থেকে অব্যাহতি চেয়েছেন।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ শাফির কাছে তিনি অব্যাহতি পত্র জমা দেন।
অব্যাহতির কারণ হিসেবে উচ্চতর ডিগ্রি অর্জনের উদ্দেশ্যে দেশের বাইরে যাওয়ার কথা উল্লেখ করেন এই শিক্ষক।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ শাফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্র উপদেষ্টা আবেদন করলেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা হয়েছে।
তবে অনুরোধ সত্ত্বেও অধ্যাপক ফরিদুল ইসলাম দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন।
গত সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এনামুল হক এবং নয়জন সহকারী প্রক্টর একযোগে পদত্যাগ করেন। সে সময় রেজিস্ট্রার প্রক্টরিয়াল বডির সদস্যদেরও একই অনুরোধ করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১০ ঘ.
bdnews24