ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত বিষয়ে ভর্তির ক্ষেত্রে শর্তারোপের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
ওই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের ওপর শুনানি শেষে বুধবার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেয়।
আদেশের পর রিটকারীদের পক্ষের কৌঁসুলি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের রায় স্থগিতের জন্য ঢাবি'র করা আবেদন আপিল বিভাগ খারিজ করে দিয়েছে।"
শুনানিতে তিনি বলেন, "হাইকোর্টের রায় স্থগিত করলে মাদ্রাসার ছাত্ররা চলতি শিক্ষাবর্ষে সাতটি বিষয়ে ভর্তি হতে পারবেনা।"
ঢাবির কৌঁসুলি এ এফ এম মেজবাহ উদ্দিন ও ড. শাহদীন মালিক হাইকোর্টের রায় স্থগিতের আবেদন জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষে 'খ' ও 'ঘ' ইউনিটে বাংলা, ইংরেজিসহ সাতটি বিষয়ে ভর্তির ক্ষেত্রে শর্ত আরোপের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি বিষয়ে ভর্তির ক্ষেত্রে বাংলায় দুইশ' ও ইংরেজিতে দুইশ' নম্বরের ওপর যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরীক্ষা দেয়নি তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না- ভর্তি-বিজ্ঞপ্তিতে এ রকম শর্ত ছিল।
এ সাতটি বিষয় হল- বাংলা, ইংরেজি, অর্থনীতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, ভাষাতত্ত্ব এবং জেন্ডার অ্যান্ড উইমেন স্টাডিজ।
এর মধ্যে বাংলা ও ইংরেজিসহ কয়েকটি বিষয়ে এ শর্ত আগে থেকেই ছিল। এ শর্তের পেছনে কর্তৃপক্ষের যুক্তি হচ্ছে কিছু বিষয়ে উচ্চশিক্ষার জন্য একটি নির্দিষ্ট মাত্রার ভাষাগত দক্ষতা থাকা প্রয়োজন।
এই শর্তের বৈধতা চ্যালেঞ্জ করে ইব্রাহিম খলিলসহ আলিম পাস ৫ ছাত্র গতবছর ২৬ অক্টোবর হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এসকে/১৫৩৭ঘ.
bdnews24