২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও প্রথমবর্ষের ভর্তি প্রক্রিয়া ও প্রশাসনিক কার্যক্রম চলবে। বৈঠকের পর সন্ধ্যা ৬টার দিকে উপাচার্য ড. আবু হোসেন সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 12:35 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও প্রথমবর্ষের ভর্তি প্রক্রিয়া ও প্রশাসনিক কার্যক্রম চলবে। বৈঠকের পর সন্ধ্যা ৬টার দিকে উপাচার্য ড. আবু হোসেন সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "আহত ছাত্রদের চিকিৎসার খরচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। আটক ছাত্রদের মুক্তির ব্যাপারেও সহায়তা দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।" বিশ্ববিদ্যালয়ের হলগুলো উদ্ধারে তিনি সরকারের সহযোগিতা কামনা করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সকালে পুলিশ ও ছাত্রদের মধ্যে সংর্ঘষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। ঘটনার পর ছাত্ররা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে। আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সমর্থনে 'হল উদ্ধার আন্দোলন কমিটি'র ব্যানারে ছাত্ররা মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় আহত পুলিশ কনস্টেবল শফিক আহমেদ, আরিফুর রহমান, সাদেক ইসলামসহ আহত পুলিশদের রাজারবাগ পুলিশ হাসপাতালে ও ছাত্রদের স্থানীয় সুমনা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, বিশ্ববিদ্যালয়ের ১২টি আবাসিক হল 'অবৈধ দখল থেকে উদ্ধারের দাবিতে' সকাল ১০টার দিকে 'হল উদ্ধার আন্দোলন কমিটি'র ব্যানারে একদল ছাত্র বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে মিছিল বের করলে পুলিশ বাধা দিলে মুখোমুখি সংর্ষষ বাঁধে। ছাত্ররা লাঠি নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু করলে পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে। ছাত্ররা এসময় উপাচার্যের কার্যালয় ও বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখায় ইট পাটকেল নিক্ষেপ করে ও ভাঙচুর চালায়। ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশও দফায় দফায় কাঁদুনে গ্যাস ছোড়ে । এসময় ছাত্ররা সড়কে চলমান যানবাহনে ইট-পাটকেল ছোড়ে। ছাত্রলীগের সমর্থন নিয়ে হল উদ্ধার আন্দোলন কমিটির ব্যানারে এ আন্দোলনে ছাত্র-ছাত্রীরা মাঠে নামে। পুলিশের সঙ্গে সংর্ঘষে আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্র লীগ শাখার সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ ও আরিফুর রহমানও রয়েছেন। এছাড়া আহতদের মধ্যে আছে, শরীফুর রহমান, খালিদ, সাবিক, এমরান, জিয়া, জয়, শফিকুল ও মোস্তাফিজ প্রমুখ। পরে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশ করেন। এছাড়া বাম ছাত্রসংগঠনের কর্মীরা মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে আরেকটি প্রতিবাদ সমাবেশ করে। এ ছাড়া ভিক্টোরিয়া পার্কের সামনে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ের সামনের সড়কে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরাও সমাবেশ করে। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে পুলিশ শিবির কর্মীদের সড়ক থেকে উঠে যেতে বললে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও সংঘর্ষ বাঁধে। পরে বাংলাবাজার, রায়সাহেববাজার, সদরঘাট সড়কে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ছাত্র শিবির কর্মীরা গাড়ি ভাঙচুর করে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সংঘর্ষ যাতে আর না ছড়ায় সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আমাদের চেষ্টার কোন ত্র"টি নেই।" পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ চলাকালে স্থানীয় লোকজনও এতে জড়িয়ে পড়ে। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়। ভয়ে আশপাশের বেশ কয়েকটি স্কুলের শিশুরা কান্নাকাটি শুরু করলে শিক্ষকরা তাদের সামাল দিতে গিয়ে হিমশিম খান। পাশের কলেজিয়েট স্কুলে পুলিশের ছোড়া একটি টিয়ারশেল এসে পড়লে শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয়। এসময় অনীক নামে ৫ম শ্রেণীর এক ছাত্রসহ ৪/৫ জন ছাত্র আহত হয়। এছাড়া সেন্ট ফ্রান্সিস ইন্টারন্যাশনাল স্কুলে সন্তানকে নিতে আসা একজন অভিভাবকও ইঁটের আঘাতে আহত হন। পুলিশের টিয়ারশেলে আহত দীপঙ্কর নামে এ ছাত্রকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। এর আগে গত শনিবার এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলো অবৈধ দখলমুক্ত করতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে 'সাধারণ শিক্ষার্থীরা'। বিক্ষোভ চলাকালে উপাচার্যকে প্রায় দুই ঘণ্টা তার কক্ষে অবরুদ্ধ করে রাখে তারা। পরবর্তীতে প্রক্টর কাজী আসাদ ছাত্রদের 'সব ধরনের সহযোগিতার' আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। একইসঙ্গে সোমবারের মধ্যে দাবি আদায় না হলে মঙ্গলবার জগন্নাথ থেকে মিছিল সহকারে বঙ্গভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এসএস/জিএনএ/এইচএ/এসকে/১৮৪৩ঘ.