২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ নিয়ে মাদ্রাসা ছাত্র ও কারারক্ষীদের সংঘর্ষ

পুরান ঢাকার বকশিবাজারে শনিবার সকালে ঢাকা সরকারি আলীয়া মাদ্রাসার ছাত্র ও কেন্দ্রীয় কারাগারের রক্ষীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। একটি মাঠের দখলকে কেন্দ্র করে সকালে এ ঘটনা ঘটে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2009, 07:08 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পুরান ঢাকার বকশিবাজারে শনিবার সকালে ঢাকা সরকারি আলীয়া মাদ্রাসার ছাত্র ও কেন্দ্রীয় কারাগারের রক্ষীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। (আরো তথ্যসহ) একটি মাঠের দখলকে কেন্দ্র করে সকালে এ ঘটনা ঘটে। সকাল পৌনে ৯টার দিকে আলীয়া মাদ্রাসার পেছনে অবস্থিত মাঠটিতে খেলাধুলাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ঘণ্টাখানেক ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের মোট ৪০/৪৫ জন আহত হয়। এসময় মাদ্রাসার ছাত্ররা দিগন্ত টেলিভিশনের একটি মাইক্রোবাস ভাঙচুর করে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কারা হাসপাতালসহ আশপাশের ডিসপেনসারিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মাঠটির কাছেই কেন্দ্রীয় কারাগার। মাদ্রাসা ও কারা কর্তৃপক্ষ উভয়য়ে মাঠটি নিজেদের বলে দাবি করেছে। মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের অভিযোগ, কারারক্ষীরা তাদের শিক্ষার্থীদের খেলতে বাধা দিয়েছে এবং অন্যায়ভাবে মারধর করেছে। এমনকি তারা মাঠসংলগ্ন ছাত্রাবাসে ঢুকে ছয়টি কক্ষে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। তবে কারা কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে বলেছে, মাদ্রাসার ছাত্ররাই অনুশীলনরত কারারক্ষীদের খেলতে বাধা দিয়েছে। তারা গালি-গালাজ করে উত্তেজনার সৃষ্টি করে বলেও কর্তৃপক্ষের অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠের এক পাশে কারারক্ষীরা খেলা ও অনুশীলন করছিলেন । আরেক পাশে ক্রিকেট খেলছিল মাদ্রাসার ছাত্ররা। এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হলে ডিআইজি প্রিজন মেজর শামসুল হায়দার সিদ্দিকী ঘটনাস্থলে যান। এরপরও বিতণ্ডা চলতে থাকে এবং এক সময় ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। ডিআইজি প্রিজন তখন পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। এরপর উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে । পরে পুলিশ, মদ্রাসার শিক্ষক ও ডিআইজি প্রিজনসহ কারা কর্তৃপক্ষের আরও কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মাদ্রাসার অধ্যক্ষ মো. ইসলাম গণি কারারক্ষীদের বিরুদ্ধে মারধর, কক্ষ ভঙচুর ও লুটপাটের অভিযোগ করেন। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে ডিআইজি প্রিজন বিডিনিউজ মেজর সিদ্দিকী টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলা সাজানোর জন্য এসব মিথ্যা কথা বলা হয়েছে।" লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবোজিৎ খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুটোই সরকারি প্রতিষ্ঠান । আমরা বিষয়টি দেখছি।" প্রত্যক্ষদর্শীরা জানান, দু'পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে কারারক্ষীরা হুইসেল বাজিয়ে লাঠিসোঁটা নিয়ে ছাত্রদের ওপর চড়াও হয়। ছাত্ররা এসময় পালিয়ে পার্শ্ববর্তী ছাত্রাবাসে গিয়ে আশ্রয় নেয়। এর কিছুক্ষণ পর খবর পেয়ে সেখানে পুলিশ যায়। এসময় উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকীও ঘটনাস্থলে আসেন। মেজর ছিদ্দিকী যখন কারারক্ষীদের মাঠ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন ছাত্ররা একজোট হয়ে ঢিল শুরু করে। এরপর কারারক্ষীরাও উত্তেজিত হয়ে পাল্টা ঢিল ছুড়তে থাকে। উপ কারা মহাপরিদর্শক পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেন। এরপর উভয়পক্ষের মধ্যে আবার ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরে পুলিশ, মদ্রাসার শিক্ষক ও উপ কারা মহাপরিদর্শকসহ অন্য কারা কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মাদ্রাসার কামেল দ্বিতীয় বর্ষের ছাত্র শরীফুল ইসলাম অভিযোগ করে বলেন, "আমরা যখন ক্রিকেট খেলছিলাম তখন কয়েকজন কারারক্ষী সাইকেল নিয়ে আমাদের চারপাশে মহড়া চালাচ্ছিল। এসময় আমাদের বল ভলিবল কোর্টে গেলে তারা বলটি অন্যদিকে ছুঁড়ে ফেলে দেয়। এ ঘটনা নিয়ে বাকবিতণ্ডার সূত্রপাত হয়। শরীফুল অভিযোগ করেন, ছাত্ররা পার্শ্ববর্তী শহীদ ইব্রাহিম হলে ঢুকলে কারারক্ষীরা সেখানে ঢুকেও হামলা চালায়। তারা মোট ছয়টি কক্ষ ভাঙচুর ও লুটপাট করে। তারা কক্ষগুলো থেকে ১০/১২টি মোবাইল ফোন ও ৫/৭টি কম্পিউটার নিয়ে যায় বলে দাবি করেন শরীফুল। শরীফসহ অন্য ছাত্ররা অভিযোগ করেন সংঘর্ষের এক পর্যায়ে উপ কারা মহাপরিদর্শক মেজর ছিদ্দীকি হাতে হকিস্টিক নিয়ে এসে কারারক্ষীদের হুকুম দেন ছাত্রদের মারধরের জন্য। শরীফ বলেন, "মেজর ছিদ্দীকি এসে বলেন, ওদের (ছাত্রদের) ইচ্ছেমতো পিটা, গুলি কর।" তবে মেজর ছিদ্দীকি এসব অভিযোগ অস্বীকার করেছেন। কয়েকজন প্রত্যক্ষদর্শীও জানিয়েছেন মেজর ছিদ্দিকী পাঞ্জাবী পড়ে মাঠে গিয়েছিলেন। তার হাতে কোনও লাঠি ছিল না। ঘটনাস্থলে উপস্থিত জেলার আমজাদ হোসেন ডন সাংবাদিকদের বলেন,"আমাদের লোকেরা যখন সাইক্লিং অনুশীলন করছিল তখন ছাত্ররা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ঘটনা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা চলাকালে সংঘর্ষের সূত্রপাত হয়। ছাত্ররা ভলিবল নেটসহ অন্যান্য ক্রীড়া সরঞ্জাম নষ্ট করে ফেলে।" অন্যদিকে মাদ্রাসার অধ্যক্ষ মো. ইসলাম গণি কারারক্ষীদের বিরুদ্ধে মারধর, কক্ষ ভঙচুর ও লুটপাটের অভিযোগ করে বলেন, "তারা ছেলেদের অন্যায়ভাবে মারধর করেছে। শহীদ ইব্রাহিম হলের কয়েকটি কক্ষে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। ছাত্ররা আমাদের জানিয়েছে তাদের কয়েকটি মোবাইল ফোন ও কম্পিউটার কারারক্ষীরা লুট করে নিয়ে গেছে।" এসব অভিযোগ প্রত্যাখ্যান করে ডিআইজি প্রিজন মেজর সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা মামলা সাজানোর জন্য এসব মিথ্যা ভাঙচুর-লুটপাটের অভিযোগ তুলেছে। তিনি লাঠি হাতে মাঠে গিয়ে ছাত্রদের মারধরের বিষয়টিও অস্বীকার করেন।" যে মাঠ নিয়ে বিরোধ কারা ও মাদ্রাসা কর্তৃপক্ষ উভয়েই নবকুমার ইন্সটিটিউশনের সামনের মাঠটিকে নিজেদের বলে দাবি করছে। মাদ্রাসার অধ্যক্ষ মো. ইসলাম গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৯৫৮ সাল থেকে এটি আলিয়া মাদ্রাসার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ২০০৭ সালের ২০ সেপ্টেম্বর এক চিঠিতে পূর্ত মন্ত্রণালয় মাঠটি আলিয়া মাদ্রাসাকে হস্তান্তর করে।" তিনি জানান, সেই চিঠিতে বলা হয়, মাঠে যেন কারাকর্মীরা শারীরিক অনুশীলন করতে পারেন সেজন্য প্রয়োজর্নীয় ব্যবস্থা গ্রহণ করবে মাদ্রাসা কর্তৃপক্ষ। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কয়েকটি আবেদনপত্র দেখান তিনি। ওইসব আবেদনে মেজর শামসুল হায়দার ছিদ্দিকীর স্বাক্ষর রয়েছে। ওদিকে উপ কারা মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাঠটির প্রকৃত দাবিদার কারা কর্তৃপক্ষ। তবে ২০০৬ এর আগে তারা জানতেন না। এ কারণেই তারা মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলেন।" তিনি দাবি করেন, "মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে ওই মাঠ ব্যবহারের আবেদনপত্র ছাড়া বৈধ মালিকানা সংক্রান্ত কোনও কাগজপত্র নেই।" উপ কারা মহাপরিদর্শক জানান, ২০০৬ সালে কারা সপ্তাহ উদযাপন উপলক্ষে তারা প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য মাঠটি ব্যবহারের অনুমতি চান। তখন মাদ্রাসা কর্তৃপক্ষ প্যারেড করতে দিলেও সাংস্কৃতিক অনুষ্ঠান করতে দেয়নি। এ সময় বয়স্ক কারারক্ষীরা বলেন, তারা এক সময় এই মাঠেই থাকতেন। তিনি বলেন, "২০০৬ সালের ঘটনার পর দলিলপত্র ঘেঁটে দেখা যায়, মাঠটির মালিকানা কারা কর্তৃপক্ষেরই। ম্যাপ অনুযায়ী মাঠ ও এর সংলগ্ন মাদ্রাসার ইব্রাহিম হলের জমিটিও কারা কর্তৃপক্ষের মালিকানাধীন। এ জমির খাজনাও কারা কর্তৃপক্ষ নিয়মিত পরিশোধ করে আসছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/এসকে/১৮৪৮ঘ.