২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক পরিচয়েই বেশি স্বচ্ছন্দ বোধ করি: নতুন ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সংবর্ধনা সভায় বললেন, প্রশাসকের চেয়ে শিক্ষকের পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন তিনি। শিক্ষক হিসাবেই তিনি জীবনের সকল অর্জন পেতে চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 05:20 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সংবর্ধনা সভায় বললেন, প্রশাসকের চেয়ে শিক্ষকের পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন তিনি। শিক্ষক হিসাবেই তিনি জীবনের সকল অর্জন পেতে চান। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ সংবর্ধনা সভার আয়োজন করে। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "আমার স্থায়ী পরিচয় শিক্ষক। এ পদটি সাময়িক। এ পদ থেকে আমি আবার শিক্ষকতায় ফিরে যাব। আমি ক্লাস রুম ও শিক্ষার্থীদের মাঝেই আমার সকল সার্থকতা খুঁজে পাই।" আরেফিন সিদ্দিক আরো বলেন, "প্রশাসনিক কাজের চাপে আমি হয়তো ক্লাস নিতে পারবো না। তবে এ পদে থেকে যোগাযোগের দক্ষতা বাড়ানোর ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করবো।" তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। বিভাগের শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান বলেন, "ঢাবির উপাচার্য হওয়ার মর্যাদা মন্ত্রীর চাইতেও বেশি। আমরা একজন যোগ্য উপাচার্য পেয়েছি, এটাই সবচেয়ে বড় সফলতা।" সংবর্ধনা সভায় উপাচার্যকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুল ও উত্তরীয় দেওয়া হয়। বিভাগের বেশ কয়েকজন বর্তমান ও প্রাক্তন শিক্ষক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২৩১৯ঘ.