ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক ড. হারুন অর রশীদ এবং কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. মীজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির সচিব মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক ড. হারুন অর রশীদ এবং কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. মীজানুর রহমানকে নিয়োগ দেওয়া সংক্রান্ত নথিতে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ স্বাক্ষর করেছেন।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হারুন অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে পাঁচটায় তিনি ফ্যাক্সে শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি পেয়েছেন।
হারুন অর রশীদ জানান, প্রজ্ঞাপনে তাকে চার বছরের মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। যোগ দেওয়ার তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে জানিয়ে অধ্যাপক হারুন বলেন শনিবার সকাল সাড়ে দশটায় তিনি কাজে যোগ দেবেন।
কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক ড. মীজানুর রহমান মার্কেটিং বিভাগের শিক্ষক। বিদায়ী কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ গত ১৭ জানুয়ারি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দেখা করার পরপরই কর্তৃপক্ষের কাছে অব্যাহতিপত্র পাঠান। আরো এক বছর তার মেয়াদ ছিলো।
সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ ইস্তফা দেওয়ার পর গত ১৫ জানুয়ারি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উপাচার্য হিসেবে নিয়োগ পান। সিনেট কর্তৃক নির্বাচনের মাধ্যমে উপাচার্য নিয়োগের প্যানেল না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য এ নিয়োগ দেওয়া হয়।
১২ জানুয়ারি সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ শিক্ষা মন্ত্রণালয়ে অব্যাহতি চেয়ে পত্র দেন।
উপাচার্য তখন বলেছিলেন বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান পরিস্থিতির আলোকে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/১৯১৯ঘ.
bdnews24