রংপুর, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন প্রকার নিয়োগ কার্যক্রম সাময়িক স্থগিত রাখার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী ২৮ জানুয়ারি থেকে ক্লাশ শুরুর তারিখ নির্ধারণ করা হলেও এখনও শিক্ষক হয়নি।
১৮ জানুয়ারির মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে গত ১৫ জানুয়ারি প্রার্থীদের সাক্ষাতকারের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু ১৪ জানুয়ারি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ কার্যক্রম স্থগিত করায় গোটা প্রক্রিয়াটি ঝুলে গেছে বলে জানিয়েছেন রংপুর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও কারমাইকেল কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস।
তিনি জানান, সদ্য প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের ছয়টি বিভাগের ৩০০ আসনে শিক্ষার্থী ভর্তি ইতোমধ্যে শেষ হয়েছে। কিন্তু শিক্ষক নিয়োগ করা না হলে শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হবে না।
দীপকেন্দ্রর নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামকে বিষয়টি অবহিত করা হয়েছে। তিনি এ অনিশ্চয়তা নিরসনের আশ্বাস দিয়েছেন।"
গত ১৪ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন ধরনের নিয়োগ বন্ধ রাখতে নির্দেশ দেয়।
এ বিষয়ে অতিরিক্ত শিক্ষা সচিব মোজাম্মেল হক খান বলেছিলেন, মৌখিকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে। এর কারণ অতিরিক্ত নিয়োগ হয়েছে কি না তা দেখা হবে। এতে যেন ভুল না হয় সেজন্য সাময়িকভাবে নিয়োগ স্থগিত রাখা হয়েছে।
রংপুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ শনিবার এক বিবৃতিতে শিক্ষক নিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু নিশ্চিত করার দাবি জানিয়েছে।
বাস্তবায়ন পরিষদের আহবায়ক অধ্যাপক ড. রেজাউল হক লিখিত বিবৃতিতে বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়সমুহে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার জন্য গত ১৪ জানুয়ারি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে যে রির্দেশনা জারি করা হয়েছে তা পুরানো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কোন সমস্যা সৃষ্টি না করলেও সদ্য প্রতিষ্ঠিত রংপুর বিশ্ববিদ্যালয়সহ অন্য নতুন বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। আগামী ২৮ জানুয়ারি থেকে রংপুর বিশ্ববিদ্যালয়ের ক্লাশ আরম্ভের যে প্রক্রিয়া শুরু হয়েছিল এ নিষেধাজ্ঞার কারণে সেই কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত হবে।
বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ সদ্য প্রতিষ্ঠিত রংপুর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু রাখার উদ্দেশ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করে বিশেষ আদেশ দেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন ।
এ ব্যাপারে রংপুর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আমিনুল ইসলাম জানান, সরকারের এই সিদ্ধান্তে রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হবে না।
তবে অচিরেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গত বছর তত্ত্বাবধায়ক সরকার রংপুরে বিশ্বাবদ্যালয় স্থাপন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. লুৎফর রহমানকে রংপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়া হয়। আপাতত রংপুর টিচার্স ট্রেনিং কলেজে অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে।
বিশ্ববিদ্যালয়ের জন্য ইতোমধ্যেই রংপুর কারমাইকেল কলেজের ৭৫ একর জমি হুকুম দখল করে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৬০৫ ঘ.
bdnews24