২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি উপাচার্যের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সকালে সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ইউসুফ হায়দার, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2009, 01:31 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সকালে সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ইউসুফ হায়দার, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় অধ্যাপক আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটিগুলো সচল করাসহ বিভিন্ন করণীয় বিষয়ে তার অভিমত তুলে ধরেন। সাময়িকভাবে নিয়োগপ্রাপ্ত এ উপাচার্য বলেন, "শুধুমাত্র ভালো শিক্ষার্থীই নয়, বিশ্ববিদ্যালয়ে একজন সৎ ও ভালো মানুষ হিসেবে পূর্ণাঙ্গভাবে গড়ে ওঠার প্রশিক্ষণ দেওয়া হয়। তাই শিক্ষার্থীদের জন্য তৈরি কেন্দ্রীয় ছাত্র সংসদের মতো প্রতিযোগিতামূলক ক্ষেত্রগুলি করতে হবে।" দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের বিভিন্ন কমিটি, সিন্ডিকেট, ফিন্যান্স এবং বিভিন্ন প্রশাসনিক পদের কমিটিগুলোর নির্বাচন হচ্ছে না। এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, "১৯৭৩ এর অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ এসব পদের নির্বাচনের ব্যাপারে উপাচার্যকে উদ্যোগ নিতে হয়। সেক্ষেত্রে অধ্যাদেশ অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এসব নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে।" রাজনৈতিক মতাদর্শে আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত নতুন উপাচার্য পরে কেন্দ্রীয় শহীদ মিনার এবং ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন ছাত্র সংগঠন নতুন উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/এসকে/১৯৩০ঘ.