২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের গ্রুপের মধ্যে দু'দফা সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2009, 12:20 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের গ্রুপের মধ্যে দু'দফা সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তবে ছাত্রলীগের দুই গ্রুপেই দাবি করেছে, 'ছাত্রলীগ নামধারীরা' এ ঘটনার জন্য দায়ী। অপরদিকে পুলিশ সংঘর্ষের জন্য ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেছে। সংঘর্ষে আহতদের মধ্যে আছেন- সাধারণ সম্পাদক গ্রুপের দিপু মণি, সাকিব হাসান, সোহেল রানা, আরিফুল ইসলাম, দ্বীন ইসলাম এবং সভাপতি গ্র"পের সোহেল আহমেদ, মাসুদুর রহমান, শেখ রাসেল, আবুল খায়ের প্রমুখ। বাকিদের নাম জানা যায়নি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপাচার্য ড. আবু হোসেন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্যাম্পাসে যাতে আর অপ্রীতিকার ঘটনা না ঘটে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো বহিরাগতকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না।" ভারপ্রাপ্ত প্রক্টর কামাল হোসেন বলেন, "পরিস্থিতি শান্ত রাখতে আমাদের চেষ্টার কোনও ত্র"টি ছিল না। আশা করি ছাত্রলীগ এ ঘটনার পুনরাবৃত্তি করবে না।" দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সভাপতি কামরুল হাসান রিপনের নেতৃত্বাধীন গ্রুপ ও সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ নেতৃত্বাধীন গ্রুপের নেতা কর্মীরা মহড়া দেয়। এক পর্যায়ে দুপক্ষই কলাভবনের সামনে মুখোমুখি হলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুপক্ষই লাঠি, হকিস্টিক নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। হামলা-পাল্টা হামলা চলাকালে দু'টি ককটেলও বিস্ফোরিত হয়। সংঘর্ষ শুরু হওয়ার ১৫/২০ মিনিট পর পুলিশ এসে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ৬টি টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ার মুখে সভাপতি গ্রুপ কলাভবন ও সাধারণ সম্পদক গ্রুপ বিজ্ঞান ভবনে আশ্রয় নেয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্পাসের বাইরে ভিক্টোরিয়া পার্ক এলাকায় দুপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাধে এবং বাংলাবাজার, সদরঘাট, পাতলাখান লেন সহ আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষ ছাত্রলীগের দুই গ্রুপ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে পরিণত হয়। এতে ছাত্রলীগের দু'গ্রুপের আরও ২০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে আতঙ্কে বিশ্ববিদ্যালয় এলাকার দোকান পাট বন্ধ হয়ে যায়। এছাড়া জনসন রোড থেকে সদরঘাট পর্যন্ত প্রায় আধঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ আবারও টিয়ারশেল নিক্ষেপ ও লাঠি চার্জ করলে বেলা ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষের পর ক্যাম্পাসে পুলিশ অবস্থান করছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এ সংঘর্ষ হয়েছে।" ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান রিপন দাবি করেন, "ছাত্রলীগ নামধারী কিছু নতুন মুখ যারা অন্য দলের এজেন্ট হিসাবে কাজ করে তারাই এ ঘটনার জন্য দায়ী। আমরা দোষীদের বিচার করবো।" অপরদিকে সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ দাবি করেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামধারী কিছু চাঁদাবাজ সন্ত্রাসী ক্যাম্পাসে এ ধরনের ঘটনা বরাবরই ঘটায়। আজকেও তারা এটি ঘটিয়েছে।" ঘটনার পর ছাত্রদলের নেতারা উপচার্যের সঙ্গে দেখা করে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআরএফ/এএল/এমএসবি/১৮১৯ ঘ.