জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছয়টি ছাত্র হলে বৃহস্পতিবার তল্লাশি চালিয়ে চার বহিরাগতকে আটক করেছে পুলিশ।
সাভার সার্কেলের সহকারি পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সাভার ও আশুলিয়া থানা পুলিশ প্রায় ২০০ আমর্ড ব্যাটেলিয়ন পুলিশ সঙ্গে নিয়ে হলগুলোতে তল্লাশি চালায়।"
তিনি বলেন, "এ সময় আফম কামালউদ্দিন হল এবং আল-বেরুনী হল থেকে দুইজন করে মোট চারজন বহিরাগতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।"
বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তাদের সমর্থিত নেতা-কর্মীরা এক বছর পরে ক্যাম্পাসে ফিরে আসে। এ সময় তারা কামালউদ্দিন হলের দুই ছাত্রদল কর্মীকে মারধর করে। ওই দুই ছাত্রদল কর্মী ছাত্রলীগের পরিচয়ে ক্যাম্পাসে রাজনীতি করছিল।
গত বছরের জানুয়ারি মাসে ছাত্রলীগের সভাপতি সোহেল পারভেজ ও সম্পাদক মাহমুদ নাসের জনিকে আহত দুই জনসহ অন্য ছাত্রদল কর্মীরা পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসিরউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'ক্যাম্পাসে আর যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশের সহযোগিতা নিয়েছি। আগামী কয়েকদিন ক্যাম্পাসে পুলিশ মোতায়েন থাকবে।'
তিনি জানান, রাত ৭টার দিকে উপাচার্য অধ্যাপক মুনিরুজ্জামান সকল হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির সদস্য ও রেজিস্ট্রারকে নিয়ে ক্যাম্পাস পরিস্থিতি বিষয়ে বৈঠক করেছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, হল প্রভোস্টরা সকাল-সন্ধ্যা হল পরিদর্শন করবেন।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আল বেরুনী হলের প্রভোস্টের সঙ্গে আবাসিক শিক্ষকদের অসহযোগিতা এবং এ অবস্থায় এ দুই হলের প্রভোস্টদের বহাল রাখা হবে কিনা সে ব্যাপারেও আলোচনা হয়েছে বলে প্রক্টর জানান।
ওদিকে বৃহস্পতিবার সকালে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পদক গ্র"পের নেতা-কর্মীরা ক্যাম্পাসে মিছিল করেছে। সবগুলো ছাত্র হলেও মোতায়েন রয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১৩৩৩ ঘ.
bdnews24