২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারপ্রাপ্তদের ভারে নুব্জ্য রাবি প্রশাসন

ভারপ্রাপ্ত আর মেয়াদ উর্ত্তীর্ণদের ভারে নুব্জ্য রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতিসহ গুরুত্বপূর্ণ অন্তত ১৫টি পদে ভারপ্রাপ্ত এবং মেয়াদ উত্তীর্ণ দলীয় ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন। জানাচ্ছেন ইসমাইল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2009, 10:46 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারপ্রাপ্ত আর মেয়াদ উর্ত্তীর্ণদের ভারে নুব্জ্য রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতিসহ গুরুত্বপূর্ণ অন্তত ১৫টি পদে ভারপ্রাপ্ত এবং মেয়াদ উত্তীর্ণ দলীয় ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন। জানাচ্ছেন ইসমাইল হোসেন। প্রশাসনের গুরুত্বপূর্ণ এসব পদে ভারপ্রাপ্ত এবং মেয়াদ উর্ত্তীর্ণরা আসীন থাকায় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কাজকর্মে স্থবিরতার পাশাপাশি তাদের কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। এছাড়া শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতিতে দলীয়করণসহ একাডেমিক কার্যক্রমের ওপর এর বিরূপ প্রভাব পড়ছে। অনুসন্ধানে জানা যায়, বিগত জোট সরকারের আমলে দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম আলতাফ হোসেনকে গত বছর ১৫ মে অপসারণ করে উপ-উপাচার্য অধ্যাপক ড. মামনুনুল কেরামতকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়। ওই বছর ১৬ মে থেকে উপ-উপাচার্য ড. মামনুনুল কেরামত নিজ দায়িত্বের অতিরিক্ত ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৭ সালের ২৯ জুন রেজিস্ট্রার আব্দুস সালামের মেয়াদ শেষ হলে ৩০ জুন উপ-রেজিস্ট্রার শেখ সা'দ আহমেদকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু সা'দ আহমেদের কর্মকাণ্ড তখনকার উপাচার্য ড. আলতাফের মনোমত না হওয়ায় ওই বছর ১০ আগস্ট কলা অনুষদের ডিন বিএনপিপন্থী অধ্যাপক মোহাম্মদ শাফিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়। তিনি এখনও সে দায়িত্বে রয়েছেন। উপাচার্য ও রেজিস্ট্রার ভারপ্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করলেও পদাধিকার বলে তারা বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী সিন্ডিকেট, সিনেট ও শিক্ষা পরিষদের সভাপতি এবং সদস্য সচিব। জুবেরী ভবন এবং কলেজ পরিদর্শক দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। এছাড়া জনসংযোগ দপ্তর, শরীরচর্চা ও শিক্ষা বিভাগ, ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি), বরেন্দ্র গবেষণা জাদুঘর এবং সেন্ট্রাল সায়েন্স ল্যাবরেটরিতে ভারপ্রাপ্ত পরিচালক ও প্রশাসক এবং এস্টেট ও টেলিফোন শাখায় কর্মকর্তার পদে দলীয় ব্যক্তি ভারপ্রাপ্ত হিসেবে নিয়োজিত রয়েছেন। ছাপাখানা এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ব্যবস্থাপকের (ম্যানেজার) পদ থাকলেও ১৯৯৭ সাল থেকে প্রশাসক নিয়োগ করা হয়। বর্তমানে দু'টি পদেই দায়িত্ব পালন করছেন দলীয় ব্যক্তি। ২০০৭ সালের ২২ জানুয়ারি কলা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, বাণিজ্য, আইন ও বিচার এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের নির্বাচিত ডিনদের মেয়াদ শেষ হলেও তারা গুরুত্বপূর্ণ এসব পদে বহাল রয়েছেন। কৃষি অনুষদ নতুন হওয়ায় ভারপ্রাপ্ত উপাচার্য পদাধিকারবলে এ অনুষদের ডিনের দায়িত্বে রয়েছেন। ২০০৭ সালের মার্চে সিন্ডিকেট সদস্য এবং শিক্ষক সমিতির নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ হলেও তারা বহাল তবিয়তে রয়েছেন। জরুরি অবস্থার দোহাই দিয়ে রাবি প্রশাসন সিন্ডিকেট ও শিক্ষক সমিতির নির্বাচন দেয়নি। যদিও জরুরি অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন হয়েছে। চার বছর অন্তর সিনেট ও রেজিস্ট্রার গ্রাজুয়েট নির্বাচন হওয়ার নিয়ম থাকলেও ১৯৯৪ সালের এপ্রিলে নির্বাচিত প্রতিনিধিরাই ১৪ বছর ধরে দায়িত্ব পালন করছেন। ডিন ও শিক্ষক সমিতির প্রতিনিধিদের মেয়াদ শেষ হলেও তারা ওইসব পদে বহাল থাকায় শিক্ষক-কর্মকর্তা ও একাডেমিক কর্মকাণ্ডে নেতিবচক প্রভাব পড়েছে। ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা অনুষদ পরিবর্তনে আন্দোলন করলেও মেয়াদ না থাকায় ডিনরা সিদ্ধান্ত নিতে পারেননি। ২০০৭ সালের আগস্টে কয়েকজন শিক্ষক গ্রেপ্তার হওয়ার পর মেয়াদ না থাকার অজুহাতে শিক্ষক সমিতি কোন কর্মসূচি নেয়নি। বর্তমানে অনেক শিক্ষকই সমিতির চাঁদা দিচ্ছেন না। ফলে সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমসহ প্রশাসনিক কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেক দিন ধরেই জামায়াত-বিএনপিপন্থী প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয় জিম্মি হয়ে রয়েছে। আর অনেকগুলো গুরুত্বপূর্ণ পদে ভারপ্রাপ্ত হিসেবে দলীয় লোকদের বসিয়ে রেখে স্বার্থ হাসিল করা হচ্ছে।" তিনি এসব পদে শিগগিরই চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের দাবি জানান। ভারপ্রাপ্ত উপাচার্য মামনুনুল কেরামত বলেন, "আমি নিজেই ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছি। তাই এসব বিষয়ে এখন কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।" অবশ্য ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ শাফি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে বলে দাবি করেছেন। তিনি বলেন, "জরুরি অবস্থার কারণে বিভিন্ন পদে নির্বাচন দেওয়া সম্ভব হয়নি।" এ বিষয়গুলো উপাচার্য দেখবেন উল্লেখ করে তিনি আর কোন মন্তব্য করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৮ ঘ.