ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ ক্যাম্পাসে বিরাজমান পরিস্থিতির প্রেক্ষাপটে 'যত দ্রুত সম্ভব' দায়িত্ব থেকে অব্যাহতি চাইবেন বলে রোববার জানিয়েছেন।
রোববার ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীরা ছাত্রদল কর্মীদের মারধর করার পর ছাত্রদলের নেতারা উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের সঙ্গে দেখা করার পর তিনি এ মনোভাব প্রকাশ করেন।
ছাত্রদলের কেন্দ্রীয় এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতারা উপাচার্যের কাছে অনুযোগ করে বলেন, বিভিন্ন হলে কর্মীদের ওপর নিপীড়ন হলেও উপাচার্য এ ব্যাপারে কোনো ভূমিকা রাখছেন না।
এর পর উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ সাংবাদিকদের বলেন, 'সৌজন্যবোধ এবং
পদের মর্যাদা রক্ষায়' তিনি খুব শীঘ্রই দায়িত্ব থেকে অব্যাহতি চাইবেন।
অধ্যাপক ফায়েজ জানান, অব্যাহতিপত্রের খসড়া কপিও তিনি শনিবার তৈরি করেছেন। কবে তা পাঠাবেন সেটি নির্দিষ্ট করে না জানালেও তিনি বলেন, 'যত দ্রুত সম্ভব' সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিত এবং হলে সহাবস্থান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রোববার ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রদলের নেতা-কর্মীরা। তা না হলে ১৪ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করা হবে বলে তারা জানিয়েছে।
রোববার কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে হাকিম চত্বরে ছাত্রদলের কর্মীকে ছাত্রলীগের কর্মীরা মারার পর এ আল্টিমেটাম দেয় ছাত্রদল নেতৃবৃন্দ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/১৯২৬ঘ.
bdnews24