রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজনেস স্টাডিজ অনুষদের সান্ধ্যকালীন এমবিএ কোর্সের দ্বিতীয় ব্যাচের ভর্তি পরীক্ষা হবে আগামী ১৩ ফেব্র"য়ারি। শনিবার ভর্তির আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে। আবেদনপত্র বিতরণ ও জমাদান চলবে ৯ ফেব্র"য়ারি পর্যন্ত।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপ্লেক্সে অনুষ্ঠিত বিজনেস স্টাডিজ বিভাগের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, দু'বছর মেয়াদী এ প্রোগামে ৪০টি আসনে স্নাতক ডিগ্রীধারীরা আবেদন করতে পারবেন। অফিস চলাকালীন ডিন অফিস থেকে পাঁচশ টাকার বিনিময়ে ভর্তির আবেদনপত্র সংগ্রহ করে তা নির্ধারিত সময়ে জমা দিতে হবে।
ডাকযোগে পেতে হলে অতিরিক্ত ৩৫ টাকাসহ আবেদনপত্রের মূল্য ব্যাংক ড্রাফটের মাধ্যমে অনুষদের ডিন বরাবর পাঠাতে হবে।
যে কোনো বিভাগ থেকে স্নাতক পাস এবং মোট ছয় পয়েন্ট থাকলে আবেদন করার যাবে। এছাড়া শিক্ষা জীবনে একটি তৃতীয় বিভাগ বা শ্রেণী প্রাপ্তরাও আবেদন করতে পারবে।
এমসিকিউ পদ্ধতিতে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষার সময় এক ঘণ্টা।
দু'বছরের এই কোর্সে চার সেমিস্টারে একজন শিক্ষার্থীর মোট খরচ হবে ৫৫ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ওমর আলী, প্রোগাম পরিচালনা কমিটি সদস্য অধ্যাপক ড. সঞ্জীব কুমার সাহা, অধ্যাপক মতিয়ার রহমান, অধ্যাপক আব্দুল্লাহ আল হারুন, অধ্যাপক ওবায়দুর রহমান প্রামাণিক, অধ্যাপক আব্দুল কুদ্দুস, অধ্যাপক জাহাঙ্গীর কবির প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২১ ঘ.
bdnews24