ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘর্ষ থামাতে ব্যর্থতার দায় মাথায় নিয়ে শুক্রবার পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান।
বৃহস্পতিবার রাতে জিয়া হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ওই সংঘর্ষে চার জন আহত হয়।
উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইন অনুষদের ডিন অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান দুপুরে জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেছেন।"
পদত্যাগপত্রে বোরহান উদ্দিন লিখিছেন- 'আবাসিক শিক্ষকদের নিয়ে হলের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও পারিনি। এ কারণে পদত্যাগ করছি।'
জিয়া হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ হিসেবে ওই হলের আবাসিক শিক্ষক অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহফুজুল হককে দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রভোস্ট কমিটির দীর্ঘ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
উপচার্য জানান, সংঘর্ষের ঘটনা তদন্তের জন্য বৈঠকে জিয়াউর রহমান হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষকে একটি কমিটি করতে বলা হয়েছে। এছাড়া জিয়াউর রহমান ও জসিমউদ্দিন হলের সামনে সার্বক্ষণিক পুলিশ প্রহরা থাকবে। প্রক্টর অধ্যাপক আ কা ফিরোজ আহমেদকে প্রতিটি হলে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আর কোন্দল মিটিয়ে হলগুলোতে শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করার জন্য ছাত্রসংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।
এদিকে শনি ও রোববার বিজ্ঞান অনুষদের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রাতে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কার্জন হল কেন্দ্রে ১১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।
জিয়াউর রহমান হল থেকে একজন ছাত্রদলকর্মীকে বের করে দেওয়া নিয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার রাতভর সংঘর্ষ হয়। এতে চারজন আহত হয়। পুলিশ শুক্রবার সাতজনকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এসকে/২২৫৭ঘ.
bdnews24