২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ-শিবির সংঘর্ষের জেরে রুয়েটের সকল পরীক্ষা স্থগিত

ইসলামী ছাত্র শিবির ও ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জের ধরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েটের) সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমসহ প্রশাসনিক কার্যক্রম চলবে এবং আবাসিক হল খোলা থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2009, 12:33 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

রাজশাহী, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামী ছাত্র শিবির ও ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জের ধরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েটের) সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমসহ প্রশাসনিক কার্যক্রম চলবে এবং আবাসিক হল খোলা থাকবে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় আগামি ১২ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় সকল বিভাগের চূড়ান্ত পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। পরীক্ষা সামনে রেখে বর্তমানে সকল বিভাগের ক্লাশ বন্ধ রয়েছে। রুয়েটের জনসংযোগ কর্মকর্তা গোলাম মর্তুজা সাংবাদিকদের জানান, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফজলুল বারীর সভাপতিত্বে উপাচার্য লাউঞ্জে সিন্ডিকেটের ৩৬তম জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ১২ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় সকল পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমসহ প্রশাসনিক কার্যক্রম এবং আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিন্ডিকেট সদস্য হাফিজুর রহমান ভুঞাসহ সাত সিন্ডিকেট সদস্য উপস্থিত ছিলেন। বুধবার মধ্য রাতে ছাত্রশিবির ও ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে সাতজনকে রাজশাহী মেডিকেল কলেজ এবং ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রুয়েট ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রুয়েটের ছাত্র কল্যাণ উপদেষ্টা সৈয়দ আব্দুল মফিজ জানান, পুলিশের সহযোগিতায় ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে। মতিহার জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) এম কে জাহাঙ্গীর হোসেন জানান, অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় কোন মামলা হয়নি বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৪ ঘ.