চট্টগ্রাম, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বছরের যে কোন সময়েই হলে আসন খালি থাকা সাপেক্ষে ছাত্রদের তা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আসন পাওয়া কোন শিক্ষার্থী হলে অবস্থান না করলে বরাদ্দ বাতিল করা হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সিট বরাদ্দ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ে কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. হাবির উল্লাহর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রতি বছরে একবার আসন বরাদ্দ দেওয়া হয়। আসন পাওয়া শিক্ষার্থীদের অধিকাংশই হলের বাইরে থাকে। এ সুযোগে বিগত বছরগুলোতে ছাত্র শিবিরের কর্মীরা অবৈধভাবে হলে অবস্থান করতো।
কেন্দ্রীয় সিট বরাদ্দ কমিটির সদস্য এ.এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোকতার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন সিদ্ধান্তে হলের আসন দীর্ঘ সময় খালি পড়ে থাকবে না। বছরের যেকোনো হলে কোন আসন খালি হলেই শিক্ষার্থীরা তা বরাদ্দ পেতে আবেদন করতে পারবে।
অধ্যাপক মোকতার জানান, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত বছর সিট বরাদ্দের অপেক্ষমান তালিকা বাতিল করে আগামী ১২ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত নতুন করে খালি আসন বরাদ্দ নেওয়ার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহবান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সমন্বয়ক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিবেশ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আসন থাকার পরও যে সব শিক্ষার্থী আগামী ২২ জানুয়ারির মধ্যে হলে উঠবে না তাদের বরাদ্দ বাতিল করা হবে।
উল্লেখ্য, নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই গত মঙ্গলবার হল দখলকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবির মুখোমুখি অবস্থান নেয়। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাতে প্রতিটি হল তল্লাশি করেন।
এর পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সিট বরাদ্দ এবং শিক্ষা পরিবেশ পরিষদ কমিটি বুধবার বৈঠক করে এসব সিদ্ধান্ত নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এসকে/১৯২৬ঘ.
bdnews24