নোয়াখালী, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী মেডিকেল কলেজে প্রথম ব্যাচে শিক্ষার্থী ভর্তির আনুষ্ঠানিকতা আগামী ৬ ও ৭ জানুয়ারি সম্পন্ন করা হবে। ক্লাশ শুরু হবে জানুয়ারি মাসের শেষ দিকে।
ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে নোয়াখালী জোনারেল হাসপাতালে মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে।
নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এফ এম সাইফুল ইসলাম শনিবার সাংবাদিকদের বলেন, "ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভর্তির জন্য নির্বাচিত ৫০ ছাত্রছাত্রীর তালিকা কলেজে পাঠানো হয়েছে। আগামী ৬ ও ৭ জানুয়ারি তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।"
নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশের সব মেডিকেল কলেজের জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের অপেক্ষমান তালিকা থেকে এ ৫০ জনকে বাছাই করা হয়েছে। জানুয়ারি মাসের শেষ দিকে কলেজের ক্লাশ শুরু হবে।
নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কুবলেশ্বর ত্রিপুরা জানান, বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর গ্রামের ২৬ একর জমিতে নোয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হবে। এ জন্য ২৮ কোটি টাকা বরাদ্দ রয়েছে। চলতি মাসেই নির্মাণ কাজ শুরু হয়ে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/১৯২৫ ঘ.
bdnews24