রাজশাহী, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তিনটি হলে শনিবার সকালে ছাত্রদলের বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করেছে ছাত্রলীগ কর্মীরা। এ সময় ১০ জন আহত হন।
এছাড়া শুক্রবার রাতে ছাত্রলীগ কর্মীরা শিহাব নামের এক ছাত্রদল কর্মীকে পিটিয়ে হল থেকে বের করে দিয়েছে।
শুক্রবার রাতে আহতদের মধ্যে উৎপল, শাহীন, জুনায়েদ, কবির, রাসেল ও রশিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত ৯টার দিকে রুয়েট শাখা ছাত্রলীগের কর্মীরা শহীদুল্লাহ হলের ছাত্রদল কর্মী শিহাবকে পিটিয়ে হল থেকে বের করে দেয়।
এরপর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের ১৫/২০ জন কর্মী শহীদ সার্জেন্ট সেলিম হলের ১০৩ ও ৩০৪ নম্বর, জিয়াউর রহমান হলের ২২৮, ৪২৮, ৪০৪ ও ৪২০, এবং শহীদুল্লাহ হলের ৩০৩, ৩০৭ ও ২০৭ নম্বর কক্ষে ভাঙচুর করে। এ সময় তাদের পিটুনিতে ১০ জন আহত হয়। আহতদের সবাই ছাত্রদল কর্মী।
রফিকুল ইসলাম খান বলেন, "ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"
রয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা সৈয়দ আব্দুল মফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আহতদের রাজশাহী মেডিকেলসহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। ক্যাম্পাসের পরিবেশ স্থিতিশীল রাখতে প্রশাসন তৎপর রয়েছে।
রুয়েট ছাত্রলীগের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এসব ছাত্রদল কর্মী বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। তাদের হল থেকে বের করে দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/১৮৪০ ঘ.
bdnews24