ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পূন:নিরীক্ষণের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দিতে একাদশ শ্রেণীতে ভর্তির সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রস্তাব অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় একাদশ শ্রেণীতে ভর্তির সময়সীমা ৩০ সেপ্টেম্বর বৃদ্ধি করেছে।
আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আতিকুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূন:নিরীক্ষণের মাধ্যমে কিছু শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে, আবার বিভিন্ন কারণে কিছু শিক্ষার্থীর ফল স্থগিত ছিল। তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এসব শিক্ষার্থীর সংখ্যা কম হলেও তারাও একাদশ শ্রেণীতে ভর্তির অধিকার রাখে। তাদের শিক্ষা জীবনের কথা বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয়কে ভর্তির সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধির অনুরোধ করে তারা।
তিনি জানান, একাদশ শ্রেণীর ভর্তির সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জিএনএ/১৮০০ ঘ.
bdnews24