২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৭ তম বিসিএস এর ফল প্রকাশ

২৭ তম বিসিএস পরীক্ষার দীর্ঘ প্রতীক্ষিত ফল অবশেষে মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. সাদত হুসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৬ মাস অক্লান্ত পরিশ্রমের পর ফল প্রকাশ হয়েছে। >>২৭তম বিসিএস এর পূর্ণ ফলাফল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 10:45 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭ তম বিসিএস পরীক্ষার দীর্ঘ প্রতীক্ষিত ফল অবশেষে মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. সাদত হুসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৬ মাস অক্লান্ত পরিশ্রমের পর ফল প্রকাশ হয়েছে। আমি কিছুদিন আগে বলেছিলাম ৩৫ কার্যদিবসের আগে ফল প্রকাশ করব। ৩৫ কার্যদিবসের আগেই প্রকাশ হয়েছে।" ২৭তম বিসিএস এর লিখিত পরীক্ষায় ১০ হাজার ৪১২ জন পাস করলেও ৩ হাজার ২৩৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এরমধ্যে ২৪১৭ জন পুরুষ এবং ৮২২ জন নারী। পিএসসি জানিয়েছে, দুইভাগে ফল প্রকাশ করা হয়েছে। একটি হচ্ছে মেধা কোটা। অপরটি প্রাধিকার কোটা। ২০০৫ সালের জুন মাসে ১ হাজার ৭৭৬টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চেয়ে ২৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন দেয় সরকারি কর্ম কমিশন। এতে এক লাখ ৩৮ হাজার ৮৭৮ জন আবেদন করেন। সব পরীক্ষা শেষে ২০০৭ সালের ২১ জানুয়ারি তিন হাজার ৫৬৬ জনকে মনোনীত করে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ওই বছর ফেব্র"য়ারি মাসে মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষা শুরুর কথা থাকলেও দলীয়করণসহ অনিয়মের অভিযোগ ওঠায় সংস্থাপন মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে সরকার তা স্থগিত করে। এরপর ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে পিএসসি। মৌখিক পরীক্ষার ফল বাতিলের প্রস্তাব গত বছর ৩০ মে অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। ২০০৭ এর ২৯ জুলাই থেকে নতুন মৌখিক পরীক্ষা শুরু হয়ে চলতি বছরের ১৮ মে শেষ হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৬ হাজার ৪১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ১৬৫ জন দ্বিতীয়বারের মৌখিক পরীক্ষায় অংশ নেন। কিন্তু ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল ও নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২০০৭ এর জুলাই মাসে দ্বিতীয়বার নেয়া মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষণার ওপর স্থগিতাদেশ দেয়। চলতি বছর ৩ জুলাই হাইকোর্ট এসব রিট খারিজ করে দিলে ফল প্রকাশের পথে বাঁধা দূর হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এডি/এমআরএফ/এসকে/জেকে/২২২৭ ঘ.