ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বেসরকারি সংস্থা ব্র্যাকের অধীনে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলসহ বিভিন্ন দাবিতে আগামী ১৬ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে দুই ঘন্টা প্রতীকী অনশন করবে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির একাংশ।
বুধবার বিকালে রাজধানীর পল্টনে মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সমিতির সভাপতি মোহাম্মদ সামসুল আলম।
তিনি জানান, দাবি পূরণ না হলে ১৬ অক্টোবর দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশন কর্মসূচী পালন, অনশন শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে এবং একই দিনে বিকাল চারটায় সংবাদ সম্মেলন করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
গত ৮ এপ্রিল সরকার পরীক্ষামূলকভাবে দেশের বিশটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়কে ব্র্যাকের অধীনে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে এক পরিপত্র জারি করে।
সংবাদ সম্মেলনে সামসুল আলম বলেন, "আমরা মনে করি সরকার প্রাথমিক শিক্ষাকে ব্র্যাকের হাতে ন্যাস্ত করে সাংবিধানিক দায়িত্ব লঙ্ঘন করেছে।"
তিনি পরিপত্র বাতিলের দাবি করে বলেন, "সরকারের মধ্যে একটি সংঘবদ্ধ অপশক্তি এই পরিপত্র বাতিলের অন্তরায়।"
এই অপশক্তি কারা জানতে চাইলে তিনি বলেন, "আমলাতন্ত্র।"
সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মৃগেন্দ্র মোহন সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ব্র্যাকের অধীনে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট বুধবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিয়েছে।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর রওনা হলে দোয়েল চত্বরে পুলিশ বাধা দেয়। পরে ছয় সদস্যর একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি দিয়ে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমএইচবি/২০২৮ ঘ.
bdnews24