২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে যৌন নিপীড়ন: নতুন তদন্ত দাবি শিক্ষক-বুদ্ধিজীবীদের

তদন্ত কমিটির যে প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষক ছানোয়ার হোসেন যৌন নিপীড়নের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন তা প্রকাশের দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক বুদ্ধিজীবী। তারা ওই ঘটনার 'নিরপেক্ষ' ও 'সুষ্ঠু' তদন্তেরও দাবি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 05:30 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তদন্ত কমিটির যে প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষক ছানোয়ার হোসেন যৌন নিপীড়নের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন তা প্রকাশের দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক বুদ্ধিজীবী। তারা ওই ঘটনার 'নিরপেক্ষ' ও 'সুষ্ঠু' তদন্তেরও দাবি জানিয়েছেন। একইসঙ্গে তদন্ত কমিটির প্রধানের দায়িত্বে থাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামানের পদত্যাগ, শিক্ষক ছানোয়ার হোসেনকে বরাখাস্ত এবং একটি যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়নের দাবিও তোলা হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে "নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর" ব্যানারে আয়োজিত এক সমাবেশ থেকে তোলা হয় এসব দাবি। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, "আমরা আন্দোলরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর সময় তাদের কাছে ন্যায়বিচারের প্রতিশ্র"তি দিয়েছিলাম, কিন্তু তা রক্ষিত হয়নি। 'ছানোয়ার' নামক ব্যাধির বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হতে হবে।" তিনি অভিযোগ করেন, ইসলামী বিশ্ববিদ্যালয়েও এমন নিপীড়ন হয়েছে। যারা ধর্মীয় শিক্ষা দেয় তারাও এ ধরনের নিপীড়ন চালাচ্ছে। যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়নের দাবি জানিয়ে অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, "একজনকে এ অপরাধের শাস্তি দিলেই হবে না বরং আমাদের আবারও ১৯৫২ ও ১৯৭১ এর মতো সমাজ পরিবর্তনের যুদ্ধে অংশ নিতে হবে।" অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, "তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করতে হবে। প্রয়োজনে আরেকটা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। আর যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন করা হলে এ সব ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব। শিক্ষকরা যাতে নিজেদের ক্ষমতার অপব্যবহার করতে না পারে সেজন্যই এই নীতিমালা জরুরি।" ন্যায়বিচার দাবি করে তিনি বলেন, "আমার কোনো সহকর্মী এ ধরনের অপরাধ করুক আমি চাই না। এ ধরনের অপরাধ করে কেউ শাস্তি পাক, আবার অপরাধ না করে কেউ শাস্তি পাক এটাও চাই না। আমি ন্যায়বিচার চাই। আমরা এই কলঙ্কের বোঝা বহন করতে চাই না।" সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, তদন্ত কমিটির সদস্যদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন জেগেছে শিক্ষার্থীদের মাঝে। এখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। শিক্ষার্থীদের অধিকার লঙ্ঘিত হয়েছে। ভবিষ্যতে কোনো নারী যাতে সমাজে এ ধরনের পরিস্থিতির শিকার না হয় সেজন্য তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করতে হবে। যাতে এর স্বচ্ছতা আসে। শিক্ষার্থীদের এ ধরনের দুর্দশা থেকে রক্ষা পেতে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়নে তিনি জোরালো কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান। ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের দাবি জানিয়ে সৈয়দ আবুল মাকসুদ বলেন, "কতিপয় শিক্ষার্থীর দাবি হিসেবে যদি এ আন্দোলনকে দেখা হয় তাহলে বিবেকের কাছে দোষী থাকতে হবে। কারণ এটি কোনো বিচ্ছিন্ন আন্দোলন নয়।" ঘটনার তদন্তে প্রধান বিচারপতির হস্তক্ষেপের আহ্বান করে তিনি বলেন, এ তদন্ত কমিটির রিপোর্ট নিরপেক্ষ কিনা তা প্রমাণে প্রধান বিচারপতিকে পদক্ষেপ নিতে হবে। যাতে কোনো বিশ্ববিদ্যালয়ে এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, "ইউজিসির তদন্ত কমিটি দিয়ে আবার এ ঘটনার তদন্ত করতে হবে। ন্যায়বিচারের জন্য সঠিক আইনি পদক্ষেপ নিতে হবে; যাতে এ ধরনের অপরাধীরা অপরাধ করে পার পেয়ে না যায়।" তিনি বলেন, "প্রয়োজনে এ দাবিতে সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে আরও বড় প্ল্যাটফর্মে আন্দোলন গড়ে তোলা হবে।" জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহম্মদ বলেন, "জাবি'র একজন শিক্ষক হিসেবে আমি পুরো প্রক্রিয়া দেখেছি। এতে শিক্ষার্থীদের অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার দাবি এবং যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন দাবি অত্যন্ত যৌক্তিক এবং নৈতিক।" তিনি আরও বলেন, এ ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয় কলঙ্কিত হয়েছে। পুরো তদন্ত প্রক্রিয়া আবারো সুষ্ঠুভাবে করা উচিত। গত ৩ মে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চার ছাত্রী বিভাগের সভাপতি ছানোয়ার হোসেনের বিরুদ্ধে উপাচার্যের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ দায়ের করেন। দীর্ঘ সময় ধরে তদন্ত শেষে শনিবার বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় অভিযোগ থেকে অব্যাহতি পান ছানোয়ার হোসেন। 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' এই ব্যানারে গত চার মাস ধরে ওই শিক্ষকের অপসারণ এবং যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়নের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/টিএইচ/এমএইচবি/২৩১৬ ঘ.