রাজশাহী, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অধ্যক্ষ ডা. ফজলুর রহমানের অপসারণসহ সাত দফা দাবি জানিয়েছে কলেজ শাখা ছাত্রলীগ।
রোববার দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতারা এ দাবি জানায়।
গত বৃহস্পতিবার গভীর রাতে রামেকের পিংকু ছাত্রাবাসে ছাত্রদল-ছাত্রলীগ সংর্ষের জের ধরে শুক্রবার কর্তৃপক্ষ কলেজ বন্ধ ঘোষণা করে। এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় পাল্টাপাল্টি মামলাও দায়ের করেছে দুই ছাত্র সংগঠন।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতারা অভিযোগ করেন, প্রশাসনের সহযোগিতায় ছাত্রদল পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবং ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।
রামেক ছাত্রলীগের সাত দফা দাবির মধ্যে রয়েছে- অধ্যক্ষ ডা. ফজলুর রহমান, পিংকু ছাত্রাবাসের প্রধান তত্ত্বাবধায়ক নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোনয়ারুল ইসলাম ও সহকারী তত্ত্বাবধায়ক শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সিরাজুল ইসলামের অপসারণ, দোষী ছাত্রদল কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ছাত্রলীগ নেতাকর্মীদের চক্রান্তমূলক হয়রানি না করা, অভিযুক্ত ছাত্রদল ক্যাডারদের ছাত্রত্ব বাতিল, ছাত্রলীগ নেতাকর্মীদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও অবিলম্বে ক্যাম্পাস খুলে দেয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন রামেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হাসান বাপ্পী।
অন্যান্যের মধ্যে রামেক ছাত্রলীগের সহ-সভাপতি রাজিউল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আল খুরশিদ জয়তু, সাংগঠনিক সম্পাদক অশোক কুমার, শাহ আলম সিদ্দিকী লালন, ক্রীড়া সম্পাদক একেএম আনিসুর রহমান বাবলু, রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে রামেক অধ্যক্ষ ডা. ফজলুর রহমান বলেন, "সরকার আমাকে যোগ্য মনে করেই অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে। তাই একটি সংগঠনের দাবি অনুযায়ী অপসারণের প্রশ্ন আসে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৪৫ ঘ.
bdnews24