২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির অভিযুক্ত শিক্ষকের বিষয়ে সিদ্ধান্তে বিশেষ সিন্ডিকেট বসেছে

যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ছানোয়ার হোসেনের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট বসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2008, 10:14 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ছানোয়ার হোসেনের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট বসেছে। ওই শিক্ষকের অপসারণ এবং যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়নের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের চাপে এ সভা ডাকা হয়েছে। আন্দোলনের এক পর্যায়ে আগস্টের শেষে শিক্ষার্থীরা আমরণ অনশনের কর্মসূচি দেয়। ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মুনিরুজ্জামান গত ৩ সেপ্টেম্বর দাবি পূরণের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান। শনিবার বেলা পৌনে ৩টায় সিন্ডিকেট সভা শুরু হয়। সিন্ডিকেট সভাকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরাও সভাস্থল প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে। এর আগে তারা ক্যাম্পাসে মিছিল-সমাবেশও করে। শিক্ষার্থীরা বলছে, দাবি পূরণের ঘোষণা না আসা পর্যন্ত তারা প্রশাসনিক ভবন ঘেরাও করে রাখবে। ছানোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত বৃহস্পতিবার শেষ হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির সদস্য মো. আশরাফউদ্দিন খান। তিনি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটেরও সদস্য। আশরাফউদ্দিন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার তদন্ত কাজ শেষ হয়েছে। গত ২৯ জুন আমরা দায়িত্ব নেওয়ার পর অভিযোগকারী ছাত্রী ও অভিযুক্ত শিক্ষকসহ মোট ৪৩ জন শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর সাক্ষ্য নিয়েছি। তদন্ত প্রতিবেদন বিশেষ সিন্ডিকেট সভায় উত্থাপন করা হবে।" গত ৩ মে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চার ছাত্রী বিভাগীয় সভাপতি ছানোয়ার হোসেনের বিরুদ্ধে উপাচার্যের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ দায়ের করে। পরদিন থেকে বিভাগের শিক্ষার্থীরা ওই শিক্ষককে স্থায়ী বরখাস্তের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আসছে। পরে অন্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' এই ব্যানারে গত চার মাস ধরে অভিযুক্ত শিক্ষকের অপসারণ এবং যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়নের দাবিতে ধারাবাহিকভাবে মিছিল-সমাবেশ, মানববন্ধন, অনশন, সংহতি সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়ে আসছে। ছানোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে এ পর্যন্ত তিনটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে দুটি কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদন দুটির ভিত্তিতে ওই শিক্ষককে তিন মাসের বাধ্যতামূলক ছুটি দিয়েছে প্রশাসন। পরে উপাচার্যের নেতৃত্বে গঠিত হয় আরেকটি তদন্ত কমিটি। এ কমিটির প্রতিবেদনই শনিবার সিন্ডিকেটে তোলা হবে। এর আগে ২০০৬ এবং ২০০৭ সালে যৌন নিপীড়নের অভিযোগে দুটি বিভাগের দুই জন শিক্ষককে বরখাস্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০৯ ঘ.