ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুটিং স্পটে কথাকাটাকাটির জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ জন ছাত্রকে মেরেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। এদের মধ্যে শাহ আলম কিরন নামে এক ছাত্র গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় শামসুন্নাহার হলের সামনে এ ঘটনা ঘটে।
আহত অন্য ছাত্ররা হলেন- হাসান নিটোল, বিপ্লব সরকার, দ্বীন ইসলাম এঞ্জেল, আলি আসিফ শাওন, হাবীবুর রহমান, নূরে আলম দুর্জয়, নাদিম মাহমুদ, ফাওজুল কবির ও মাহফুজ শাওন। এরা সবাই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বিপ্লব সরকার এ ব্যাপারে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শুক্রবার মধুর ক্যান্টিনে বিভাগের শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলন করে। তারা জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কারের দাবি জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তৃতীয় বর্ষের ছাত্র নাদিম মাহমুদ।
ঘটনার প্রতিবাদে শনিবার অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ সমাবেশ ও উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ এবং মঙ্গলবার অপরাজেয় বাংলায় সংহতি সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। এর বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদলের সব 'ইতিবাচক কর্মসূচি' বর্জনের আহ্বান জানিয়েছে তারা।
নাদিম মাহমুদ জানান, রাত ১২টায় তারা বন্ধুর জন্মদিন উপলক্ষে শামসুন্নাহার হলের সামনে উপস্থিত ছিলেন। সেখানে তখন একটি বেসরকারি টিভি চ্যানেলের শ্যুটিং চলছিলো। ওই সময় শ্যুটিং স্পটের লোকজন ছাত্রদের 'রংবাজ' বলে গালাগাল করে। তখন উপস্থিত ছাত্ররা তাদের শ্যুটিং এর অনুমতি আছে কিনা জানতে চান। এর পর শ্যুটিং স্পটেরই কারো ফোন পেয়ে ছাত্রদলের এফ রহমান হলের সভাপতি আমিনুল ইসলাম আমিনের নেতৃত্বে ছাত্রদলের কর্মীরা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রদের ওপর হামলা চালায়।
নাদিম জানান, এ সময় তারা রড, হকিস্টিক, চাপাতি দিয়ে ছাত্রদের মারে চাপাতির আঘাতে গুরুতর আহত অবস্থায় কিরনকে প্রথমে প্রঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসা হয়। কিরণের বাম পা ও বা হাতে চাপাতির আঘাত লাগে।
শাহবাগ থানার উপ--পরিদর্শক ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে বিপ্লব সরকার ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আর ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলেন- আমিনুল ইসলাম, মামুন, শিশির, সাইফুল ও বেলায়েত। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/টিএইচ/এমএইচবি/২১০৯ ঘ.
bdnews24