রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের কারণে বন্ধ হয়ে যাওয়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় আগামী ১২ অক্টোবর খোলার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত হয়।
গত ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ হয়। পরদিন কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করে।
সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মোহাম্মদ শাফি সাংবাদিকদের জানান, ঈদুল ফিতরের পর আগামী ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুলবে। এর একদিন আগে সব আবাসিক হল খুলে দেওয়া হবে।
ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মামনুনুল কেরামত সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন।
বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় ২৯টি বিভাগের পূর্ব নির্ধারিত ৪৯টি পরীক্ষা স্থগিত হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১৪৭ ঘ.
bdnews24