২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'নকল হ্রাস আর সচেতনতা বৃদ্ধিই ভালো ফলাফলের কারণ'

শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি আর নকল প্রবণতা কমে যাওয়ায় পাবলিক পরীক্ষার ফল ভালো হচ্ছে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। এছাড়া খাতা দেখার ক্ষেত্রে শিক্ষকদের উদার দৃষ্টিভঙ্গী, আর ইংরেজিতে ভালো করাও ভালো ফলের কারণ হিসেবে দেখছেন তারা। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানাচ্ছেন মোশতাক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 01:19 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি আর নকল প্রবণতা কমে যাওয়ায় পাবলিক পরীক্ষার ফল ভালো হচ্ছে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। এছাড়া খাতা দেখার ক্ষেত্রে শিক্ষকদের উদার দৃষ্টিভঙ্গী, আর ইংরেজিতে ভালো করাও ভালো ফলের কারণ হিসেবে দেখছেন তারা। আর এইচএসসির এই ভালো ফলাফলকে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর দেখছেন, শিক্ষার ক্ষেত্রে গুণগত উত্তরণ হিসেবে। বুধবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। পাসের হার কিংবা জিপিএ-৫ দুই ক্ষেত্রেই এবারের ফল গতবারের চেয়ে ভালো। এবার এইচএসসিতে প্রতি চার জনে তিন জনই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও হয়েছে প্রায় দ্বিগুণ। এইচএসসিতে পাসের হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ; যা গত বছরের চেয়ে ১০ দশমিক ৫৮ শতাংশ বেশি। জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ১০৮ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলো। গত বছর জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ছিল ১০ হাজার ২০৫। ভালো ফলের কারণ কী- জানতে চাওয়া হলে ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ মো. হাফিজ উদ্দিন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত কয়েক বছর ধরেই এসএসসি এবং এইচএসসি দুই পরীক্ষাতেই ভালো ফল হচ্ছে। আমার মতে, ইংরেজিতে ভালো করা, খাতায় দেখা শিক্ষকদের উদার দৃষ্টিভঙ্গি, অভিভাবকদের সচেতনতা এবং চতুর্থ বিষয়ের নম্বর যোগ হওয়াতেই ভালো ফল হচ্ছে।" ঢাকা কলেজের অধ্যক্ষ বশিরুল হকের মতে, ছাত্ররাও এখন অনেক সচেতন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হওয়ায় শিক্ষার্থীরা এখন বুঝতে পেরেছে, পড়াশোনা ছাড়া উপায় নাই। আর শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবরাও এখন অনেক সচেতন। সন্তানের পড়ালেখার বিষয়টি ঠিকভাবে তদারক করছে তারা। এ সবের প্রভাবই পড়েছে পরীক্ষায়।" "এছাড়া শুনেছি, ইংরেজিতেও এবার শিক্ষার্থীরা আগের চেয়ে ভালো করেছে। এটাও ভালো ফলাফলের একটি বড় কারণ", মন্তব্য করেন অধ্যক্ষ বশিরুল। ঢাকা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শাহেদা ওবায়েদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সঠিকভাবে মূল্যায়ন হলে এই ফলাফল অবশ্যই সুখবর। তবে উচ্চ শিক্ষায় গিয়ে তারা যদি ভালো করতে পারে, তাহলেও বোঝা যাবে এ ফলাফল সত্যিই ভালো ফলাফল।" শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ভালো ফলের কারণ ব্যাখ্যা করে উপদেষ্টা বলেন, "অভিভাবকদের নিরলস প্রয়াস, ছাত্র-ছাত্রীদের শিক্ষায় অধিকতর মনোনিবেশ, শিক্ষকদের পরিশ্রম, বোর্ডগুলোর মনিটরিং ব্যবস্থাসহ সংশ্লিষ্টদের নিরলস প্রচেষ্টার কারণেই পরীক্ষায় উত্তীর্ণের হার বেড়েছে।" তিনি বলেন, "জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি থেকে প্রতীয়মান হয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাচ্ছে।" নকল প্রবণতা কমেছে দাবি করে হোসেন জিল্লুর বলেন, "পরীক্ষায় শিক্ষার্থী বহিষ্কারের সংখ্যাও দিন দিন কমছে।" তিনি জানান, ২০০২ সালে যেখানে ৩১ হাজার ৮৩৫ শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছিলো, এবার এ সংখ্যা মাত্র ৭৮৫। হোসেন জিল্লুর আরও বলেন, "যে সব শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাংশেরও কম শিক্ষার্থী পাস করে, সে সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশ স্থগিত রাখার কারণে সব প্রতিষ্ঠানের শিক্ষকরাই এখন পাঠদানে বেশি সচেতন।" নয় বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৪৫ জন। ২০০৪ সালে এ সংখ্যা ছিল ৩ হাজার ৪৭ জন; ২০০৫ সালে ৫ হাজার ৫৩৪ জন; ২০০৬ সালে এ সংখ্যা ছিল ৯ হাজার ৮৬৪ জন; ২০০৭ সালে ১১ হাজার ১৪০ জন। গত বছর অর্থাৎ ২০০৭ সালের চেয়ে এবার জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এ বছর ৬৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ২০০২ সালে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ২১টি। এটি ধারাবাহিকভাবে বেড়ে ২০০৩ সালে ৪৪টি; ২০০৪ সালে ৮৩টি; ২০০৫ সালে ২৭২টি; ২০০৬ সালে ৩৬৩টি হয়। অন্যদিকে কেউ উত্তীর্ণ হয়নি- এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২০০২ সালে ছিলো ৫৫৩টি। এটি ধারাবাহিক কমে ২০০৩ সালে ২৯৮টি; ২০০৪ সালে ২৭৮টি; ২০০৫ সালে ২৭২টি; ২০০৬ সালে ৮৬টি; ২০০৭ সালে ৬০টি এবং এবার আরও কমে ৪১টিতে দাঁড়িয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৯০৯ ঘ.