ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ভোগান্তি কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিভাগওয়ারি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পদ্ধতিগত উন্নয়ন, পরীক্ষার দিনের সংখ্যা কমিয়ে আনা, ভর্তি ফি কমানো এবং ভর্তির পর তা প্রত্যাহার ও বিভাগ পরিবর্তনের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ- এই চারটি বিষয়কে এ ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে দেশের ২৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও মন্ত্রণালয়ের এক পর্যালোচনাসভা শেষে শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে গৃহীত এসব সিদ্ধান্তের ব্যাপারে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে তাদের একাডেমিক কাউন্সিল ও ভর্তি কমিটির সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে তা মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।
সভায় সাধারণ বিশ্ববিদ্যালয়, কৃষি, মেডিকেল, বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদি গ্র"প ভিত্তিক সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করা, ভর্তি প্রক্রিয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলকে নির্দিষ্ট মাত্রায় মূল্যায়ন করা, পরীক্ষার ফি ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে রাখা, পরীক্ষা অনুষ্ঠানে দিনের সংখ্যা কমিয়ে আনা, ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভর্তি প্রত্যাহার ও বিভাগ পরিবর্তনের সময়সীমা সংকোচন এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যৌননিপীড়ন বিরোধী আচরণবিধি প্রণয়ন বিষয়ে আলোচনা হয়।
উপদেষ্টা জানান, সভায় গৃহীত কয়েকটি সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা হবে, বাকীগুলো দীর্ঘমেয়াদে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। এর মধ্যে শিক্ষার্থীদের ভর্তির সুবিধার জন্য এবার এসএসসি'র মতো শিক্ষার্থীদের ফলাফলে গ্রেড উল্লেখের পাশাপাশি মূল নম্বরও উল্লেখ করা হবে।
হোসেন জিল্লুর বলেন, আগামীকাল (বুধবার) ২০০৮ সালের অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) ফল প্রকাশ হবে। প্রতিবছর একটি পরীক্ষার পর অন্য স্তরে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের পরিবারকে শঙ্কার মধ্যে থাকতে হয়।সরকার এজন্য এ বছর শিক্ষার্থীদের ভোগান্তি দূর করতে আগাম পদক্ষেপ নিয়েছে।
উপদেষ্টা আরও জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন রোধে আগামী দুমাসের মধ্যে একটি যৌন নিপীড়ন বিরোধী আচরণ বিধি প্রণয়নের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। ইউজিসি ছাড়াও জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ও পৃথক যৌন নিপীড়ণ বিরোধী নীতিমালা প্রণয়ন করছে।
পর্যায়ক্রমে পাবলিক পরীক্ষাসমূহ অধিক মানসম্মত করার মাধ্যমে ভর্তি পরীক্ষা পদ্ধতি ভবিষ্যতে উঠিয়ে দেওয়া নিয়েও আলোচনা হয়েছে সভায়।
শিক্ষা উপদেষ্টার সভাপতিত্বে শিক্ষা সচিব মো. মোমতাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ২৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সভায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এমএইচবি/২১৫৪ ঘ.
bdnews24