২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা মহসিন কলেজে ছাত্রলীগ-ছাত্র শিবির সংঘর্ষে আহত ৬

ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ে খুলনার খালিশপুরের হাজী মুহম্মদ মহসিন কলেজে সোমবার ছাত্রলীগ ও ছাত্র শিবিরের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 02:57 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

খুলনা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ে খুলনার খালিশপুরের হাজী মুহম্মদ মহসিন কলেজে সোমবার ছাত্রলীগ ও ছাত্র শিবিরের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। আহতরা হলেন- ছাত্রলীগ কর্মী বিশ্ব কুমার দে ও মো. সোহাগ এবং শিবির কর্মী ফয়সাল, জাহিদুল ইসলাম, আব্দুর রব ও হাসানুল হক বান্না। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান জানান, বেশ কয়েকদিন ধরে কলেজে বহিরাগতদের প্রবেশ নিয়ে ছাত্রলীগ ও শিবির সমর্থকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল। শিবির বিষয়টি কলেজ অধ্যক্ষকে জানায় এবং ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞার দাবি জানায়। কিন্তু ছাত্রলীগ এর বিরোধিতা করে আসছিল। সোমবার দুপুরে কয়েকজন বহিরাগত কলেজ ক্যাম্পাসে এলে ছাত্র শিবিরের নেতাকর্মীরা আবার অধ্যক্ষকে ঘটনাটা জানান। এর এক পর্যায়ে ছাত্রলীগ সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ছয়জন সামান্য আহত হয়েছেন বলেও জানান তিনি। এ ব্যাপারে ছাত্রলীগ খুলনা মহানগর সভাপতি শফিকুর রহমান পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিবিরের ছেলেরা ছাত্রলীগের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িত শিবির নেতা-কর্মীদের শাস্তি দাবি করেন তিনি। এ বিষয়ে যোগাযোগ করেও শিবিরের কারো সঙ্গে কথা বলা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫২ ঘ.