ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য তিনজনের একটি প্যানেল ঠিক করেছে এ সংক্রান্ত সার্চ কমিটি। এই তিনজনের মধ্যে থেকে একজনকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হবে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে সার্চ কমিটির কো-চেয়ারম্যান অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে এক সভায় এ প্যানেল চূড়ান্ত হয়।
অধ্যাপক মাহবুবুর রহমান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদ থেকে কয়েক মাস আগে পদত্যাগ করার পর অধ্যাপক সাইফুদ্দিন শাহ সাময়িকভাবে ওই দায়িত্ব পালন করছেন।
সার্চ কমিটির সদস্য সচিব ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ জেড এম শফিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্যানেলের তিন শিক্ষকের নাম আচার্যের কাছে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে একজনকে উপাচার্য নিয়োগ দেওয়া হবে।"
১৯৭৩ এর অধ্যাদেশের আওতায় পরিচালিত ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাদে অন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের জন্য গত বছরের ২৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয় এই 'সার্চ কমিটি' গঠন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জেকে/এসকে/১৮০৪ঘ.
bdnews24