ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে একটি সাইবার সেন্টার খোলা হয়েছে। শনিবার সকালে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ এর উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
এতে বলা হয়, প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে স্থাপিত এই সাইবার সেন্টারে মোট ২৭টি কম্পিউটার রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, গবেষক, কর্মকর্তা ও কর্মচারীরা এখানে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।
রমজান মাসে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং অন্য সময়ে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সাইবার সেন্টার খোলা থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক খন্দকার ফজলুর রহমান ও ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক (পরিকল্পনা ও উন্নয়ন) সৈয়দা ফরিদা পারভীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/জেকে/১৭৪০ ঘ.
bdnews24