২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন ভোগান্তিতে ঢাবির আড়াই হাজার ছাত্রী

পরিবহন সঙ্কটের কবলে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরের দু'টি ছাত্রী হলের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী ভোগান্তির শিকার হচ্ছেন। মাত্র দুটি মিনিবাসে করে এ হল দুটির শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াত করতে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2008, 09:29 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

জান্নাতুল ফেরদাউস বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন সঙ্কটের কবলে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরের দু'টি ছাত্রী হলের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী ভোগান্তির শিকার হচ্ছেন। মাত্র দুটি মিনিবাসে করে এ হল দুটির শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াত করতে হচ্ছে। নিউমার্কেটের পাশে বিডিআর এক নম্বর গেটের কাছে অবস্থিত বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীদের অভিযোগ, বাসে গাদাগাদি করে তাদের ক্যাম্পাসে যাতায়াত করতে হচ্ছে। আর বিকল্প পরিবহনে যেতে গিয়ে যানজটে আটকা পড়ে ক্লাসে যোগ দিতে না পারার ঘটনাও রয়েছে অনেক। পরিবহন শাখার তত্ত্বাবধানে নিয়োজিত উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ দু'টি হলের জন্য বড় বাস দেওয়া সম্ভব না। কারণ সীমিত সংখ্যক বড় বাসগুলো দূরের যাত্রায় যাতায়াত করে। এ হলগুলোর জন্যে প্রয়োজনে বাসের ট্রিপ সংখ্যা বাড়িয়ে দেওয়া যেতে পারে।'' হলের বাসের সংখ্যা বৃদ্ধির সামর্থ্য বিশ্ববিদ্যালয়ের নেই বলেও জানান উপ-উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে হওয়ায় এবং বিদ্যমান পরিবহন সঙ্কটের কারণে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের সময়মতো ক্লাসে যোগদান করা কষ্টসাধ্য। বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রী আইরীন জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা যারা হলে থাকি তারা প্রতিটি শিক্ষাবর্ষে পরিবহন ফি বাবদ চারশ টাকা করে দিই। কিন্তু, তারপরও সপ্তাহে চারদিন বাসে উঠতে পারি না। কারণ, আমাদের বাসগুলো ছোট। তাই সবার বাসে যাওয়া সম্ভব হয় না। বাসে সিট না পেলে রিক্সায় যেতে হয়। আর রিক্সায় গেলে অনেক সময় ক্লাশ মিস করতে হয় নিউমার্কেট-নীলক্ষেতের ট্রাফিক জামে পড়ে।" বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের মাস্টার্সের ছাত্রী নাহিদা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের পুরো শিক্ষাজীবনে আমি গড়ে একটি শিক্ষাবর্ষে পুরোপুরিভাবে হলের বাসে করে ক্যাম্পাসে গিয়েছি কি-না এ নিয়ে সন্দেহ আছে। বিভিন্ন সময়ে হলের সাধারণ সভায় বড় বাসের দাবি করা হলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন উদ্যোগ নেয়নি। ফলে ছাত্রীদের দুর্ভোগ পোহাতেই হচ্ছে।" বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের বাসচালক মো. মানিক মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ হলের বাসের আসন সংখ্যা ২৫। আর এতে ছাত্রীরা গাদাগাদি করে দাঁড়িয়ে গেলে প্রায় ৬০-৬৫ জন ছাত্রী উঠতে পারে। এতে করে ছাত্রীদের বাসের দরজায় ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে যেতে হয়। এজন্য যেকোন সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। তিনি আরো জানান, অনেক সময় যখন একটি হলের বাস নষ্ট থাকে তখন অন্য হলের বাসের উপর প্রচণ্ড চাপ থাকে। কারণ এর ফলে দু'হলের ছাত্রীদেরই একটি বাসে উঠতে হয়। তিনি জানান, দু'হলের বাসের মোট ট্রিপের (হল থেকে ক্যাম্পাসে যাতায়াতের সংখ্যা) সংখ্যা ২৪টি। বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের বাসের আসন সংখ্যা ২৯। এতে গাদাগাদি করে ৭০ জনের মতো ছাত্রী উঠতে পারে। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দিল রওশন জিন্নাত আরা নাজনীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে বাস নিয়ে ছাত্রীদের অভিযোগের কথা স্বীকার করেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে ছাত্রীদের দাবির প্রেক্ষিতে বাসের সংখ্যা বাড়ানোর ব্যাপারে কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়া হয়েছে। কিন্তু কোনো ফলাফল পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএম/এজে/জিএনএ/১৫১৬ ঘ.