২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন দাবিতে চমেকের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীদের প্রতীক অনশন

শিক্ষক ও জনবল সংকট নিরসন এবং একটি স্বতন্ত্র ডেন্টাল কলেজ স্থাপনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 03:02 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

চট্টগ্রাম, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিক্ষক ও জনবল সংকট নিরসন এবং একটি স্বতন্ত্র ডেন্টাল কলেজ স্থাপনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা। দাবি আদায়ে রোববার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চমেক অধ্যক্ষের কার্যালয়ের সামনে প্রতীক অনশন পালন করেছেন শিক্ষার্থীরা। একই দাবিতে শনিবার অবস্থান ধর্মঘট পালন করে তারা। এর আগে সংবাদ সম্মেলন, মানববন্ধন কর্মসূচি পালন করেছিল তারা। প্রতীক অনশন কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা অবিলম্বে শিক্ষক সংকট দূর করার জন্য উদ্যোগ নিতে এবং একটি স্বতন্ত্র ডেন্টাল কলেজ স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন। শিক্ষার্থীরা অবিলম্বে চমেকের ডেন্টাল ইউনিটে স্থায়ীপদসহ বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ, অত্যাবশ্যকীয় যন্ত্রপাতিসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, ইনডোর সুবিধাসহ অপারেশন থিয়েটার চালু এবং পর্যাপ্ত শ্রেণীকক্ষ বরাদ্দের দাবি জানান। দুপুর একটার দিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙ্গান। শিক্ষার্থীদের এ অনশন কর্মসূচিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, এ ইউনিটের সাবেক শিক্ষার্থী এবং এমবিবিএস কোর্সের শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করেন। চমেক ডেন্টাল ইউনিটের ৫ম বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৮ বছর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট চালু হলেও এর পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। স্বতন্ত্র ইউনিট হলেও এর জন্য আলাদা হাসপাতাল এবং অপারেশন থিয়েটার নেই।" ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, "২৫০ জন শিক্ষার্থীর জন্য পূর্ণাঙ্গ ক্লাশরুম আছে মাত্র একটি।" শিক্ষক স্বল্পতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, "ডেন্টালের শিক্ষার্থীদের নয়টি বিষয় পড়ানোর জন্য শিক্ষক আছেন মাত্র আটজন। তাদের মধ্যে স্থায়ী নিয়োগপ্রাপ্ত ডেন্টাল সার্জন দুজন।" বিভাগটিতে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের কোন পদ নেই বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২০০৫ ঘ.