রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানিয়েছেন প্রগতিশীল শিক্ষক সমাজ। শিগগিরই নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় খোলার তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন তারা।
রোববার প্রগতিশীল শিক্ষক সমাজের নবনির্বাচিত আহ্বায়ক অধ্যাপক মোজাফ্ফর হোসেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ দাবি জানান।
১৯ আগস্ট বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরের ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের জের ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
অধ্যাপক মোজাফ্ফর হোসেন বিশ্ববিদ্যালয় বন্ধে যে প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে তার প্রতিবাদ জানান।
তিনি বলেন, "সে দিনের পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ব্যর্থ হয়েই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে। সেশনজটমুক্ত রাখার স্বার্থে অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে। প্রশাসনকে বিশ্ববিদ্যালয় খোলার নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।"
বিগত জোট সরকারের আমলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘটিত বিভিন্ন অনিয়ম-দুর্নীতির তদন্তের পাশাপাশি সব ধরনের অবৈধ নিয়োগ বাতিলেরও দাবি জানান অধ্যাপক মোজাফ্ফর।
বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে অনুষ্ঠিত মতবিনিময়ের সময় প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে অধ্যাপক আব্দুস সোবহান, মোখলেসুর রহমান, আনন্দ কুমার সাহা, শাহ নওয়াজ আলী, শামসুদ্দিন ইলিয়াস, মলয় কুমার ভৌমিক, গোলাম সাব্বির সাত্তার তাপু, চৌধুরী সারওয়ার জাহান সজল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/১৫৪৭ ঘ.
bdnews24