জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন নিপীড়ণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ছানোয়ার হোসেনকে বরখাস্তের দাবিতে আমরণ অনশন শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বরে পাঁচ শিক্ষার্থী অনশন শুরু করেছেন। এর আগে প্রতিটি হল থেকে খণ্ড খণ্ড মিছিল শহীদ মিনারে আসে।
অনশনরত শিক্ষার্থীরা হলেন- নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহাদাত উল্ল্যাহ, অঞ্জলী ইসলাম, কবীর হোসাইন এবং প্রথম বর্ষের শিক্ষার্থী মাশকুরা রহমান ও হাবিবুর রহমান জুয়েল।
নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুন নাহার, প্রভাষক নাসরীন খন্দকার এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রভাষক খোন্দকার হালিমা আক্তার রিবন অনশনরত শিক্ষার্থীদের হাতে লাল কাপড় বেঁধে তাদের সঙ্গে একত্মতা প্রকাশ করেন।
অনশনরত অঞ্জলী ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনা তদন্তে প্রশাসনের গাফিলতি আর গড়িমসির কারণে দাবি আদায়ে শেষ পর্যন্ত আমরণ অনশনে বসতে হলো। যতক্ষণ না দাবি পূরণ হয়, ততক্ষণ অনশন চালিয়ে যাব।"
শিক্ষার্থীরা স্লোগান এবং প্রতিবাদী গানে মুখর করে রেখেছে অনশনস্থল।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অনশন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
ছানোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে গঠিত কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত নিবন্ধক আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত কাজ চূড়ান্ত পর্যায়ে, এ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন সিন্ডিকেট সভায় উথাপন করা সম্ভব হবে। এ জন্য শিক্ষার্থীদের অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছি।"
গত ৩ মে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চার ছাত্রী পৃথকভাবে বিভাগীয় সভাপতি সহযোগী অধ্যাপক ছানোয়ার হোসেনের বিরুদ্ধে উপাচার্যের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ দায়ের করে।
পরদিন থেকে বিভাগের শিক্ষার্থীরা ওই শিক্ষককে স্থায়ী বরখাস্ত এবং যৌন নিপীড়ণবিরোধী নীতিমালা প্রণয়নের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে আসছে।
বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীদের নিয়ে 'নিপীড়ণের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' এই ব্যানারে প্রায় চার মাস ধরে ধারাবাহিকভাবে প্রতিবাদ মিছিল-সমাবেশ, সংহতি সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে তারা।
ছানোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে এ পর্যন্ত তিনটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে দুটি কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদন দুটির ভিত্তিতে ওই শিক্ষককে তিন মাসের বাধ্যতামূলক ছুটি দিয়ে উপাচার্যের নেতৃত্বে শেষ তদন্ত কমিটি গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২৭ ঘ.
bdnews24