বগুড়া, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ ও ছাত্র শিবিরের সংঘর্ষের জের ধরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের হল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
মেডিকেল কলেজ ছাত্রাবাসের ডাইনিংয়ের খাতায় লেখা একটি মন্তব্য কেন্দ্র করে শুক্রবার রাত সাড়ে ১০টায় কলেজে শিবির ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে দু'পক্ষের অন্তত ২১ জন আহত হয়। এ সময় শিবির কর্মীরা ছাত্রাবাসের বিভিন্ন কক্ষে ভাংচুর ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনায় প্রতিবাদে শনিবার ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করে।
ছাত্রাবাসের ডাইনিং ম্যানেজার মেডিকেল কলেজের শিক্ষার্থী সৈকত জানান, শিবির কর্মী কল্লোল ডাইনিংয়ের খাতায় খাবারের মান নিয়ে প্রশ্ন তোলায় শুক্রবার রাতে তাকে ডেকে কারণ জানতে চাওয়া হয়। এ নিয়ে বাক বিতণ্ডার এক পর্যায়ে কল্লোলকে চড় দেন সৈকত।
এর জের ধরে মেডিকেল কলেজের শিবির কর্মীরা রাত সাড়ে ১০টার দিকে বহিরাগতদের নিয়ে ছাত্রাবাসে হামলা চালায়।
ছাত্রলীগ দাবি করেছে, ছাত্র শিবিরের কলেজ শাখার সভাপতি ইন্টার্নি চিকিৎসক মোল্লা মোকসেদের নেতৃত্বে ১৩ ব্যাচের মিজান, ১৪ ব্যাচের দিদার, ১৫ ব্যাচের রাফি সোহান, ১৬ ব্যাচের কল্লোল, জুবায়ের, মোশাররফ, আশরাফুলের নেতৃত্বে ৮০ থেকে ৯০ জন পিস্তল, রামদা, চাপাতি, খুর ও লাঠি নিয়ে ছাত্রাবাসে ঢুকে শিক্ষার্থীদের মারধরসহ ২৫টি কক্ষ ভাংচুর করে।
ছাত্রলীগের মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বহিরাতগতদের নিয়ে শিবির কর্মীরা সাধারণ ছাত্রদের ওপর হামলা করে শিক্ষার পরিবেশ নষ্টের চেষ্টা করছে। তাদের হামলায় আহত অনেকে এখন হাসপাতালে চিকিৎসাধীন।"
শিবিরের কলেজ শাখার সভাপতি মোল্লা মোকাদ্দেস অভিযোগ অস্বীকার করে জানান, হামলার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। শুক্রবার রাতে তিনি হাসপাতালে দায়িত্বপালন করছিলেন।
বগুড়া শহর শিবিরের সাধারণ সম্পাদক আলিমুল রাজি মতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খাবারের মান নিয়ে প্রশ্ন তোলায় এক শিবির কর্মীকে মারধরের ঘটনা থেকেই সংঘর্ষের সূত্রপাত। ছাত্রলীগের হামলায় আমাদের ছয় কর্মী আহত হয়েছে।"
কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল করিম জানান, নতুন করে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেল ৫টার মধ্যে ছাত্রদের হল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৭০০ ঘ.
bdnews24