২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর সংহিস বিক্ষোভের ঘটনায় দুটি মামলা (সংশোধিত)

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের সামনে সোমবার গাড়ি ভাঙচুর, পোড়ানো এবং একজন নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার শাহবাগ ও নিউমার্কেট থানায় দুটি মামলা হয়েছে। তবে রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 03:44 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের সামনে সোমবার গাড়ি ভাঙচুর, পোড়ানো এবং একজন নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার শাহবাগ ও নিউমার্কেট থানায় দুটি মামলা হয়েছে। তবে রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রিজন সেলে বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান আঘাত পাওয়ার পর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের সামনে ছাত্রদল কর্মীরা সহিংস বিক্ষোভ করে। এ ঘটনায় শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় ছাত্রদলের সমর্থকদের এবং নিউমার্কেট থানায় করা মামলায় ঢাকা কলেজের ছাত্রদের আসামি করা হয়েছে। নিউমার্কেট থানার সহকারী উপ-পরিদর্শক মানিক লাল হাওলাদার মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা কলেজের সামনে বিক্ষোভের সময় আগুন ধরিয়ে দেওয়া গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছোটভাই আলমগীর হোসেন একটি মামলা করেন। এতে ঢাকা কলেজের ৩০ থেকে ৪০ ছাত্রকে আসামি করা হয়েছে। তবে ঘটনায় জড়িত কাউকেই গ্রেপ্তার করা যায়নি। শাহবাগ থানার উপ পরিদর্শক ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে গাড়ি ভাঙচুর ও পোড়ানোর ঘটনায় মঙ্গলবার মামলা করেছেন পুড়ে যাওয়া ট্যক্সিক্যাবের চালক গোপাল কুমার দাস। মামলায় ছাত্রদলের দু'শ থেকে আড়াইশ সমর্থককে আসামি করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বিডিনিউজকে জানান, দুটি মামলাতেই সুনির্দিষ্টভাবে কাউকে আসামি করা হয়নি। আসামিদের তাই চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে, মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, "জরুরি অবস্থা ভেঙে বিক্ষোভের ঘটনা গুরুত্বপূর্ণ বিষয়। এ ঘটনায় একজন নিরীহ মানুষ মারা গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।" সম্ভাব্য যে কোনও বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েনসহ রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে আইজিপি জানান। নূর মোহাম্মদ বলেন, "ছোটখাটো ঘটনা নিয়ে যদি কেউ রাস্তায় নামে সে ক্ষেত্রে জরুরি বিধিমালায় মামলা হচ্ছে; গ্রেপ্তারও করা হচ্ছে। এ ক্ষেত্রে পুলিশের কোনো গাফিলতি নেই।" বিএনপির বুধবারের কর্মসূচিতে পুলিশের ভূমিকা কী থাকবে- সাংবাদিকরা জানতে চাইলে আইজিপি বলেন, "অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ নিয়ে নতুন কোনো নিষেধাজ্ঞা জারি করা হবে না। কেউ জরুরি অবস্থা লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।" খালেদা জিয়ার মুক্তি দাবিতে বুধবার বিএনপির মানববন্ধন কর্মসূচি রয়েছে। একই দাবিতে এর আগে গত ২১ আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম সাংবাদিকদের বলেন, "এটি ছিল আইন-শৃঙ্খলা সংক্রান্ত নিয়মিত সভা। রমজানে কীভাবে আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটানো যায়, ট্রাফিক ব্যবস্থার উন্নতি করা যায়- এসব বিষয়ে সভায় আলোচনা হয়েছে।" তারেকের চিকিৎসার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব বলেন, "ঘটনার পর চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। চিকিৎসকরা কোনো স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।" স্বরাষ্ট্র সচিব আব্দুল করিমের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ওই সভায় র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমকে/এসএনডি/এমএইচবি/২১৩৭ ঘ.