ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৯ কর্মদিবসের মধ্যে বহুল আলোচিত ২৭তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) এর ফল প্রকাশ করা যাবে বলে আশা প্রকাশ করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. সা'দত হুসাইন।
মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে সা'দত হুসাইন বলেন, "আগামী ২৯ কর্মদিবসের মধ্যে ২৭ তম বিসিএসের ফল প্রকাশ করা যাবে বলে আশা করছি।"
২০০৫ সালের জুন মাসে ১ হাজার ৭৭৬ টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চেয়ে ২৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন দেয় সরকারি কর্ম কমিশন। ২০০৭ সালের ২১ জানুয়ারি তিন হাজার ৫৬৬ জনকে মনোনীত করে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ওই বছর ফেব্র"য়ারি মাসে স্বাস্থ্য পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও দলীয়করণসহ অনিয়মের অভিযোগ ওঠায় সংস্থাপন মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে তা স্থগিত করা হয়। এর পর ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে পিএসসি। মৌখিক পরীক্ষার ফল বাতিলের প্রস্তাব ৩০ মে অনুমোদন করে উপদেষ্টা পরিষদ।
২০০৭ এর ১০ সেপ্টেম্বর নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া শুরু করা হয় যা কয়েকমাস ধরে চলে।
এর পর ২০০৭ এর জুলাই মাসে ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল ও নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে পরীক্ষায় উত্তীর্ণ ১২ জনের আলাদা তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষণার ওপর স্থগিতাদেশ দেয় আদালত।
গত ৩ জুলাই বহুল আলোচিত ২৭ তম বিসিএস এর মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা নিয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। রায়ে ২৭ তম বিসিএস এর মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করা হয়। এই রায়ের ফলে নতুন মৌখিক পরীক্ষার ফল প্রকাশে কোনো বাধা থাকলো না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএইচডি/এসকে/১৯২৭ঘ.
bdnews24