২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির নিপীড়ক শিক্ষক কামালকে এক বছরের ছুটি

ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনকে এক বছরের বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। ওই শিক্ষকের বিরুদ্ধে আরো কী ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখতে উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দারকে আহ্বায়ক করে পাঁচ সদস্যে কমিটিও করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2008, 03:20 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনকে এক বছরের বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। ওই শিক্ষকের বিরুদ্ধে আরো কী ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখতে উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দারকে আহ্বায়ক করে পাঁচ সদস্যে কমিটিও করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এক মাসের মধ্যে প্রতিবেদন দেবে এ কমিটি। উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের সভাপতিত্বে শনিবার রাতে সিন্ডিকেট সভায় কামাল উদ্দিনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রী গত ২৩ এপ্রিল কামাল উদ্দিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উপাচার্যকে জানান। এ ঘটনায় গত ১৩ মে কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদকে প্রধান করে পাঁচ সদস্যের তথ্যানুসন্ধান কমিটি করে সিন্ডিকেট। কমিটির অন্য সদস্যরা হলেন কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, প্রক্টর অধ্যাপক আ কা ফিরোজ আহমেদ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক সাদেকা হালিম। তথ্যানুসন্ধান কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় শনিবার সিন্ডিকেট সভায় ড. কামাল উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। সিন্ডিকেট সদস্য ও তথ্যানুসন্ধান কমিটির আহ্বায়ক অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তথ্যানুসন্ধান কমিটি ১০টি বৈঠকের পর ২২ পৃষ্ঠার প্রতিবেদন সিন্ডিকেটে জমা দিয়েছে।" অভিযুক্ত শিক্ষক ড. কামাল উদ্দিনের ০১৭১৩৪৫৬৬৪৪ মোবাইল ফোন নম্বরে রোববার দিনভর চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরা জানান, তিনি ফোন রেখে বাসার বাইরে গেছেন। গভীর রাতের আগে তাকে পাওয়া যাবে না। ড. কামাল উদ্দিনের বিরুদ্ধে অন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয় পর্যালোচনার জন্য উপ-উপাচার্যকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সিন্ডিকেট সদস্য সাদেক খান, দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আমিনুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. রহমতউল্লাহ। অভিযুক্ত শিক্ষকের মনোনীত একজনও কমিটির সদস্য থাকবেন। ২৩ এপ্রিল কামাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর ক্যাম্পাসে 'নির্যাতনবিরোধী শিক্ষার্থী'দের ব্যানারে আন্দোলন গড়ে ওঠে। এর আগে ১৯৯৮ সালে একই অভিযোগে ড. কামাল উদ্দিনকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছিল। এরপর তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ছুটি শেষে বিভাগে আবার যোগ দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/জিএনএ/২১১৪ ঘ.