রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকাবাসীর সঙ্গে ছাত্র সংঘর্ষের জের ধরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি ও দোষীদের বিচার চেয়েছে বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতি ও রাবি শাখা ছাত্রশিবির।
ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মামনুনুল কেরামতের সঙ্গে শনিবার দেখা করে সংগঠনের নেতারা এ দাবি জানান।
বিকেলে বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতি ভারপ্রাপ্ত সভাপতি রব্বান আলী ও সাধারণ সম্পাদক আবু বকর মোল্লার নেতৃত্বে ব্যবসায়ীরা ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে দেখা করে পাঁচ দফা দাবির স্মারকলিপি দেন।
এতে অভিযোগ করা হয়, কিছু উচ্ছৃঙ্খল ছাত্র পরিকল্পিতভাবে ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যকার সম্পর্ক নষ্ট করতে ১৯ আগস্ট ভাঙচুর করেছিল।
বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ সমিতির অন্য দাবিগুলো হচ্ছে- সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদান, ঘটনায় জড়িত ছাত্রদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, প্রক্টরের অপসারণ ও ব্যবসায়ী-এলাকাবাসীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী ও সাংগাঠনিক সম্পাদক ফরহাদ হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা উপাচার্যের সঙ্গে দেখা করেন।
ছাত্রশিবিরের দাবির মধ্যে আছে- দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তিপ্রদান, সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া, শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার ও ছোট খাটো ঘটনায় প্রশাসনের তড়িৎ পদক্ষেপগ্রহণ।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মামনুনুল কেরামত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চলতি মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।"
টিকেট কেটেও দূরপাল্লার বাসে রাবির এক ছাত্রের আসন না পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত ১৯ আগস্ট সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ছাত্র ও বিনোদপুর এলাকার লোকজনের সংঘর্ষ হয়।
পরদিন অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/এমএইচবি/২২৪৭ ঘ.
bdnews24