২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ছাত্রলীগের ধর্মঘট স্থগিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ক্লাসবর্জন ও পরিবহন ধর্মঘট বুধবার ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2008, 01:55 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

সিলেট, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ক্লাসবর্জন ও পরিবহন ধর্মঘট বুধবার ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে। সোমবার ক্যাম্পাসে ছাত্রদল-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের পর বুধবার থেকে ধর্মঘট ডেকেছিল ছাত্রলীগ। শাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু জানান, বুধবার দুপুরে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আমিনুল ইসলামের বৈঠক হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে অনুষ্ঠিত বৈঠকে ছাত্রলীগ নেতারা ক্যাম্পাস ও হলে অন্যান্য সংগঠনের সঙ্গে সহাবস্থানের পরিবেশ সৃষ্টি, ছাত্রলীগ নেতাকর্মীদের নিরাপত্তা প্রদানসহ সংগঠনের নেতা মলয় সরকারের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি জানালে উপাচার্য তা পূরণের আশ্বাস দেন। বৈঠক শেষে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে সমাবেশ করে আন্দোলন কর্মসূচি ১৫ দিনের জন্য স্থগিতের ঘোষণা দেয়। এদিকে ছাত্রদল, ছাত্র শিবির, ইসলামী ছাত্র মজলিশ বুধবার ক্যাম্পাসে কয়েকদফা মিছিল করে। সংগঠনগুলে ক্যাম্পাসে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৯৫১ ঘ.