ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ঝুঁকিপূর্ণ ভবনের ছাত্রীদের ফয়জুন্নেসা হোস্টেলের বরাদ্দ সিটে থাকতে বাধা দেওয়া হলে সংশ্লিষ্ট ছাত্রীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে মহসীন হলের ঝুঁকিপূর্ণ কক্ষগুলোর ছাত্রদের জন্য হলের ভেতরে একটি অস্থায়ী টিনের ঘর তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জগন্নাথ হলের পূর্ব বাড়ি ভবনের ছাত্রদের স্থানান্তরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিকেলে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ।
বৈঠক শেষে স্ট্যান্ডিং কমিটির সদস্য ও রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লায়লা নূর ইসলাম জানান, রোকেয়া হলের ঝুঁকিপূর্ণ ভবনের ছাত্রীদের নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হোস্টেলে স্থানান্তর করা হয়েছে। স্থানান্তরিত ছাত্রীদের হোস্টেলে থাকতে বাধা দেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। হোস্টেলের কোনো ছাত্রী তাদের থাকতে বাধা দিলে তার বিশ্ববিদ্যালয় নিবন্ধন বাতিল ও বহিস্কার করা হবে।
এর আগে সোমবার রোকেয়া হলের ঝুঁকিপূর্ণ ভবনের ছাত্রীদের ফয়জুন্নেসা চৌধুরানী হোস্টেলে স্থানান্তর করার প্রায় পাঁচ ঘণ্টা পর তাদের বের করে দেয় ওই হোস্টেলের ছাত্রীরা। রোকেয়া হল কর্তৃপক্ষ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনার্স ভবন থেকে ৩০ জন ছাত্রীকে ওই হোস্টেলে স্থানান্তর করেছিল। কিন্তু রাতে ৯টায় হোস্টেলের ছাত্রীরা তাদের বের করে দিলে ওই ছাত্রীরা আবার ঝুঁকিপূর্ণ ভবনে ফিরে যেতে বাধ্য হয়।
অনার্স ভবনের ভুক্তভোগী এক ছাত্রী ফারজানা ইয়াসমিন জানান, তাকে ফয়জুন্নেসা হোস্টেলের ২০১ নম্বর রুমে সিট দেওয়া হয়েছিল কিন্তু রাতে সাড়ে ৯টায় তাকে ওই হোস্টেলের ছাত্রীরা বের হয়ে যেতে বলে। তার সব জিনিসপত্র এখনো ওই রুমে রয়েছে।
এ ব্যাপারে হল প্রাধ্যক্ষ অধ্যাপক লায়লা নূর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি ও সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জন ছাত্রীকে ফয়জুন্নেসা হোস্টেলে পাঠানো হয়েছিল। ফয়জুন্নেসা হোস্টেলে ২৯টি সিট খালি আছে। অনার্স ভবনের শিক্ষার্থীদের এসব রুমেই থাকতে দেওয়া হয়েছিল। দিনের বেলা হোস্টেলের শিক্ষার্থীরা সহযোগিতা করলেও হঠাৎ করে রাতে ছাত্রীদের বের করে দেয়।
তিনি জানান, অনার্স ভবনের মোট ছাত্রী সংখ্যা ১৩৫ জন। বাকিদের হলের অন্যান্য ভবনে স্থানান্তর করা হয়েছে।
এম ফিল, পিএসইচডি শেষ হয়েছে এমন অনেক ছাত্রীও ৬ থেকে ১২ বছর ধরে ফয়জুন্নেসা হোস্টেলে অবস্থান করছেন। ফয়জুন্নেসা হোস্টেলে এমফিল, পিএইচডি গবেষক ছাত্রীদের অবৈধভাবে থাকার বিষয়ে ভাষা বিজ্ঞান বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. আবুল কালাম মোহাম্মদ মনজুর মোরশেদকে আহ্বায়ক করে ১ জুলাই একটি পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে গবেষকদের তত্ত্বাবধায়করা তাদের সম্পর্কে যেসব মতামত দেয় তা গত ২৭ জুলাই সিন্ডিকেট সভায় পেশ করা হয়।
অধ্যাপক লায়লা নূর জানান, ২৭ জুলাই সিন্ডিকেট সভায় এমফিল গবেষকদের তিন বছর এবং পিএইচডি গবেষকদের পাঁচ বছর হোস্টেলে থাকার অনুমোদন দেওয়া হয়।
এছাড়া পরীক্ষা থাকায় এবং পর্যাপ্ত সিট না থাকায় ছাত্রদের পরামর্শে মহসীন হলের ফাঁকা জায়গায় টিনের অস্থায়ী ঘর তৈরি করে করে সেখানে ছাত্রদের থাকার ব্যবস্থা করা হবে। কিছু ছাত্রদের ইতোমধ্যেই বিভিন্ন কক্ষে ও হল মিলনায়তনে স্থানান্তর করা হয়েছে বলে জানান তিনি।
আগামীকাল (বুধবার) জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত অনুমোদন করা হবে বলে জানান অধ্যাপক লায়লা নূর।
তবে জগন্নাথ হলের পূর্ব বাড়ি ভবনে ছাত্র সংখ্যা বেশি হওয়ার কারণে তাদের স্থানান্তর নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কমিটি। জগন্নাথ হলের ঝুঁকিপূর্ণ পূর্ব বাড়ি ভবনের প্রায় সাড়ে ছয়শ শিক্ষার্থী থাকে।
এ ব্যাপারে হল প্রাধ্যক্ষ অধ্যাপক অজয় কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একই হলের অন্যান্য ভবনে এতো শিক্ষার্থীকে বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না।"
গত ২৭ জুলাই প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি ও সিন্ডিকেট সভায় তিনটি হলের ঝুঁকিপূর্ণ ভবন থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/টিএইচ/এমএইচবি/২০৫৫ ঘ.
bdnews24