২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারিগরি শিক্ষায় ১৩৬ কোটি টাকার প্রকল্প

দেশের কারিগরি শিক্ষার মান উন্নয়নে ১৩৬ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। ৫ বছর মেয়াদি এ প্রকল্পের অর্থ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আর সরকারের সহযোগিতায় এটি বাস্তবায়ন করবে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2008, 11:16 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের কারিগরি শিক্ষার মান উন্নয়নে ১৩৬ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। ৫ বছর মেয়াদি এ প্রকল্পের অর্থ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আর সরকারের সহযোগিতায় এটি বাস্তবায়ন করবে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে 'কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সংস্কার (টিভিইটি)' নামে ওই প্রকল্পের উদ্বোধন করেন শিক্ষা সচিব মোমতাজুল ইসলাম। শিক্ষা সচিব বলেন, "কারিগরি শিক্ষার মাধ্যমে দেশে দক্ষ জনশক্তি গড়ে উঠছে। দারিদ্র্য বিমোচনে কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রকল্পের মাধ্যমে কারিগরি শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে।" আইএলও'র কর্মসংস্থান বিভাগের পরিচালক ক্রিস্টিন ইভানস ক্লক জানান, এ প্রকল্পের অধীনে আগামী ৫ বছরে (২০০৭-২০১২) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ নীতিমালা তৈরি, ব্যবস্থা ও ব্যবস্থাপনা উন্নয়ন, নতুন কোর্স প্রণয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে দক্ষতা উন্নয়ন, কম সুবিধাপ্রাপ্তদের সুযোগ বাড়ানোসহ কারিগরি শিক্ষার মান উন্নয়নে কাজ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থান সচিব মাহফুজুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুল মতিন চৌধুরী, আইএলও'র ঢাকা কার্যালয়ের পরিচালক পানুদা বুনপালা, ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি ব্রায়ান ফরে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমআই/১৭০২ ঘ.