রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চার সহকর্মীর ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের ডাকা ধর্মঘট বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়।
বিশ্ববিদ্যালয়ের কোনও বিভাগেই ক্লাস কিংবা পরীক্ষা হয়নি। ধর্মঘটের সমর্থনে সাংবাদিকরা ছাড়াও দুটি সংগঠন ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছে।
ধর্মঘট সফল করতে বুধবার সকালেই রাবিতে কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। প্রশাসন ভবনসহ বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দেয় তারা। এর পর ধর্মঘটের সমর্থনে সাংবাদিকরা ক্যাম্পাসে কয়েক দফা মিছিল করে। ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ড দুপুরে সাংবাদিকদের ডাকা ধর্মঘটের সমর্থনে ক্যাম্পাসে মিছিল বের করে।
পেশাগত দায়িত্ব পালনে মঙ্গলবার চার সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে গেলে তাদের ওপর হামলা চালায় রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র। ওই সময় বাংলা বিভাগের কয়েক শিক্ষার্থীও হামলায় অংশ নেয়।
হামলায় আহত হয় দৈনিক সমকালের প্রতিনিধি মেহেরুল হাসান সুজন, রাশিদ পলাশ, বার্তা সংস্থা এনএনবির শামসুল ইসলাম কামরুল ও লুৎফর রহমান।
সাংবাদিকরা এ ঘটনার জন্য প্রক্টর অধ্যাপক এনামুল হকের পদত্যাগ, হামলার বিচার ও দায়ীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং আহত সাংবাদিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে।
ঘটনাটি জেনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মামনুনুল কেরামত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩৪ ঘ.
bdnews24