জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ছানোয়ার হোসেনকে বরখাস্তের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন অভিভাবকরা।
মঙ্গলবার দুপুরে কয়েকজন অভিভাবক বিশ্ববিদ্যালয়ের পরিবহন এলাকায় 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে আয়োজিত আন্দোলনরত শিক্ষার্থীদের সমাবেশে যোগ দেন। তারা ওই শিক্ষকের বিচার দাবি করেন।
জামালপুর থেকে আসা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থীর মা রাধারাণী গুপ্তা বলেন, "বিশ্ববিদ্যালয়ে সন্তানদের লেখাপড়া জন্য পাঠিয়েছি। এখানে শিক্ষকরাই তাদের অভিভাবক। অথচ এই অভিভাবকদের কাছে লাঞ্ছিত হচ্ছে তারা। এ অপমান শুধু শিক্ষক সমাজের নয়, সমগ্র জাতির।"
তিনি আরও বলেন, "একজন শিক্ষকের কাছে জাতি অনেক কিছুই প্রত্যাশা করে। অথচ এ ঘটনাই কি প্রমাণ করে না যে- নৈতিক দায়বদ্ধতা পালনে আমরা ব্যর্থ হচ্ছি? আর ব্যর্থ হচ্ছি বলেই এ ধরনের ঘটনা ঘটছে।"
সিরাজগঞ্জ থেকে আসা একই বিভাগের আরেক শিক্ষার্থীর বাবা মাসুদ হাসান খান বলেন, "সন্তানদের অভিভাবক আমরা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অভিভাবক উপাচার্য। তিনি কেন বিষয়টির দ্রুত সমাধান করছেন না তা বোধগম্য নয়।"
অবিলম্বে অভিযুক্ত শিক্ষকের উপযুক্ত বিচার চেয়ে তিনি বলেন, "শিক্ষার্থীরা যেন আন্দোলন ছেড়ে স্বাভাবিক শিক্ষাজীবন অব্যাহত রাখতে পারে সে ব্যবস্থা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে করতে হবে।"
আকলিমা আক্তার, মোহাম্মদ ময়েজউদ্দিনসহ একই বিভাগের আরও কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশে অবিলম্বে অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্তের দাবি জানান শিক্ষার্থীরা। সমাবেশের আগে পরিবেশিত হয় গণসঙ্গীত।
গত ৩ মে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের চার ছাত্রী পৃথকভাবে উপাচার্যের কাছে বিভাগীয় সভাপতির সহযোগী অধ্যাপক ছানোয়ার হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে বিভাগের শিক্ষার্থীরা ৪ মে থেকে লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জন করে আসছেন। একই সঙ্গে তারা অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে ধারাবাহিকভাবে মিছিল-সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
অভিযোগ পাওয়ার পর কর্তৃপক্ষ ঘটনাটি তদন্তে প্রাথমিকভাবে 'সত্যাসত্য যাচাই কমিটি' এবং পরে 'অধিকতর সত্যাসত্য যাচাই কমিটি' গঠন করে।
উভয় কমিটির প্রতিবেদন নিয়ে গত ২৯ জুন বিশেষ সিন্ডিকেট সভা হয়। সভায় অভিযুক্ত শিক্ষককে তিন মাসের বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়। ঘটনা তদন্তে উপাচার্যকে প্রধান করে গঠন করা হয ছয় সদস্যের তদন্ত কমিটি। বর্তমানে তদন্ত চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮৪৫ ঘ.
bdnews24