২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোচিং সেন্টারগুলো শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করছে: মনিরুজ্জামান মিঞা

কোচিং সেন্টারগুলো বিভিন্নভাবে শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করছে বলে মন্তব্য করেছেন সর্বশেষ শিক্ষা কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মনিরুজ্জামান মিঞা। রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ ও কলেজ শিক্ষক সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিথি বক্তা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 02:32 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, ০৬ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোচিং সেন্টারগুলো বিভিন্নভাবে শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করছে বলে মন্তব্য করেছেন সর্বশেষ শিক্ষা কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মনিরুজ্জামান মিঞা। রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ ও কলেজ শিক্ষক সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিথি বক্তা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কথা বলেন। মনিরুজ্জামান মিঞা বলেন, "কোচিং সেন্টারগুলো বিভিন্নভাবে শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করছে। কোনো কোনো কোচিং সেন্টারের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছে সরকারের বিভিন্ন সংস্থা।" তিনি বলেন, "এসব কোচিং সেন্টারে শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কাজ করেন। আবার এমন অনেকেই আছেন যাদের কোনো যোগ্যতা নেই।" সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সর্বশেষ শিক্ষা কমিশনের চেয়ারম্যান বলেন, "শিক্ষা কমিশনের রিপোর্টে কোচিং ব্যবস্থা উঠিয়ে দিতে বলা হয়েছে। কেন তা বলা হয়েছে আপনারা বুঝতেই পারছেন।" প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ শিক্ষা- কোনো পর্যায়েই শিক্ষার কাক্সিক্ষত মান অর্জিত হয়নি উল্লেখ করে মনিরুজ্জামান মিঞা বলেন, "গুণগত শিক্ষা ছাড়া দেশ এগুবে না, একদম না।" সংবাদ সম্মেলনে অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান জানান, 'শিক্ষার জন্যই শিক্ষাঙ্গন'- এ দাবিতে জনমত গড়ে তুলতে পরিষদ বিভাগীয় শিক্ষক সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আগামী ১৩ জুলাই যশোর, ২২ জুলাই রাজশাহী, ৩০ জুলাই সিলেট, ২ আগস্ট চট্টগ্রাম এবং ৯ আগস্ট বরিশালে বিভাগীয় সম্মেলন করা হবে। আগস্টের শেষভাগে ঢাকায় হবে জাতীয় সম্মেলন। এর আগে শিক্ষাবিদদের নিয়ে ঢাকায় একটি গোলটেবিল বৈঠক করা হবে। মাজহারুল হান্নান বলেন, দেশে শিক্ষার প্রসার ঘটেছে, কিন্তু মান পড়ে যাচ্ছে। এর কারণ শিক্ষাঙ্গনে প্রবেশ করেছে সন্ত্রাস, দুর্নীতি, মাদক, অপসংস্কৃতি ও অপরাজনীতি। অন্যান্যের মধ্যে কলেজ শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা মহাসম্পাদক অধ্যাপক এম শরীফুল ইসলাম, অধ্যক্ষ পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুনুর রশিদ পাঠান, কলেজ শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত মহাসম্পাদক এ কে এম আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ আব্দুল হালিম পাটোয়ারী, দপ্তর সম্পাদক লিয়াকত আলী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/এসকে/২০২৪ঘ.