২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি'র পাঁচ সাবেক শিক্ষক প্রফেসর এমিরিটাস

শিক্ষা ও গবেষণায় অনন্যসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচ সাবেক শিক্ষককে 'প্রফেসর এমিরিটাস' পদবি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2008, 04:25 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা ও গবেষণায় অনন্যসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচ সাবেক শিক্ষককে 'প্রফেসর এমিরিটাস' পদবি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই পাঁচ শিক্ষক হলেন- ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ টি এম আনিসুজ্জামান, চারুকলা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ কিবরিয়া, রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ জহির হায়দার ও প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক কাজী জাকের হোসেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। দীর্ঘ ২৪ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো শিক্ষককে এ সম্মান দিল। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষা ও গবেষণায় অবদানের জন্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বোচ্চ সম্মান হলো 'প্রফেসর এমিরিটাস'। এ সম্মানে ভূষিত শিক্ষকরা গবেষণার জন্যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সুযোগ-সুবিধা পেয়ে থকেন।" এর আগে সর্বশেষ ১৯৮৪ সালে রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. মফিজউদ্দীন আহমদ ও ফার্মাসি বিভাগের সাবেক অধ্যাপক ড. আব্দুল জব্বারকে এ উপাধি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এমএইচবি/২১৪৭ ঘ.