মোশতাক আহমেদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মূল্যায়ন ও মান নিয়ন্ত্রণের লক্ষ্যে 'অ্যাক্রিডিটেশন কাউন্সিল' গঠনসহ বেশ কিছু বিধান অন্তর্ভুক্ত করে 'বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ২০০৮' এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। এটি অনুমোদনের জন্য শিগগিরই উপদেষ্টা পরিষদে পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিশ্ববিদ্যালয়) এজেডএম শফিকুল আলম গত মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধ্যাদেশটি এখন চূড়ান্ত পর্যায়ে। আইন মন্ত্রণালয় থেকে ভেটিং শেষে এটি এখন শিক্ষা মন্ত্রণালয়ে আছে। যেকোন মুহূর্তে অধ্যাদেশের খসড়াটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদে পাঠানো হবে।"
৪৪টি ধারা ও বেশ কিছু উপধারা মিলিয়ে করা প্রস্তাবিত আইনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ক্ষমতা, খণ্ডকালীন শিক্ষকতা, ক্যাম্পাসের ন্যুনতম আকার ইত্যাদিসহ বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে।
প্রস্তাবিত আইনে উপাচার্যের ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। প্রচলিত আইনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের ক্ষমতা অনেক বেশি। বেশ কয়েকবার এ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।
প্রস্তাবিত আইনে স্থায়ী সনদ পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গার পরিমাণের বাধ্যবাধকতা কমানো হয়েছে। এক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় অন্যূন এক একর এবং অন্যান্য এলাকায় দুই একর নিষ্কণ্টক, অখণ্ড ও দায়মুক্ত জমি নিজস্ব নামে থাকতে হবে। বিশ্ববিদ্যালয় চালু থাকা অবস্থায় ক্যাম্পাসের জমি অন্য কারো কাছে হস্তান্তর করা যাবে না।
বর্তমান আইনে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী সনদের জন্য পাঁচ একর জমি থাকা বাধ্যতামূলক।
নতুন আইনে খণ্ডকালীন শিক্ষকতার বিষয়ে সুস্পষ্ট কিছু বিধান রাখা হয়েছে। এ অনুযায়ী একজন পূর্ণকালীন শিক্ষক নিজ প্রতিষ্ঠান ছাড়া অন্য আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রতি বিভাগের খণ্ডকালীন শিক্ষক সংখ্যা পূর্ণকালীন শিক্ষকের এক চতুর্থাংশের বেশি হতে পারবে না। একজন শিক্ষক তার নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অন্য কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দিতে পারবেন না।
বর্তমানে ছাড়পত্র ছাড়াই অনেককে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ আছে।
নতুন আইনের ৩২ ধারায় অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনের প্রস্তাব রেখে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সার্বিক মূল্যায়ন ও মান নিরূপণপূর্বক জাতীয় স্বার্থ বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাকে বিশ্বমান পর্যায়ে উন্নীতকরণ ও পরবর্তীতে তা বিশ্ববিদ্যালয়সমূহে কার্যকরভাবে অব্যাহত রাখার উদ্দেশ্যে এই অধ্যাদেশের আওতায় একটি অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হবে।"
অধ্যাদেশটি কার্যকর হওয়ার পর সব বেসররকারি বিশ্ববিদ্যালয়কে নির্ধারিত সময়সীমার মধ্যে কাউন্সিলের সদস্য হতে হবে।
এছাড়া, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা কার্যক্রম সম্পর্কিত চুক্তির ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারের অনুমতি নিতে হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইনটি হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনিয়ম কমবে বলে আমরা আশা করছি।"
দেশে বর্তমানে ৫১টি বেসরকারি বিশ^বিদ্যালয় রয়েছে। এদের মধ্যে হাতেগোনা কয়েকটি বাদে বেশিরভাগের বিরুদ্ধে শিক্ষার নিম্নমানের পাশাপাশি বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
২০০৫ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি কমিটি তদন্ত শেষে নিম্নমানের শিক্ষাদানের দায়ে আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সুপারিশ করে। এরপর বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে পাঁচটি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়।
সে সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণের জন্য প্রচলিত আইনের পরিবর্তে একটি নতুন আইন করার সিদ্ধান্ত হয়। তখন আইনের একটি খসড়া চূড়ান্ত হলেও তা শেষ পর্যন্ত অনুমোদন করা হয়নি। পর্যবেক্ষকরা এজন্য রাজনৈতিক কারণকে দায়ী করেছিলেন ।
শিক্ষা মন্ত্রণালয়ের এক নাম প্রকাশ না করতে চাওয়া কর্মকর্তা জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আগের প্রস্তাবিত খসড়ার সঙ্গে কিছু সংযোজন-বিয়োজন করে আরেকটি খসড়া করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় খসড়া চূড়ান্ত করে কিছুদিন আগে সেটি উপদেষ্টা পরিষদে পাঠালে পরিষদ আইন প্রণয়নের নীতিগত সিদ্ধান্ত নেয়। এরপর প্রস্তাবিত আইনটি যাচাই-বাছাইয়ের জন্য বেশ কয়েকবার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স
bdnews24