ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগের জন্য দুটি প্যানেল ঠিক করেছে এ সংক্রান্ত সরকার গঠিত সার্চ কমিটি।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে সার্চ কমিটির সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য চার জন এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) জন্য তিন জনের নাম ঠিক করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কমিটির কো-চেয়ারম্যান অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
উপাচার্যের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশকারীদের মধ্যে থেকেই প্যানেল ঠিক করা হয়েছে বলে তিনি জানান।
সার্চ কমিটির সদস্য সচিব ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এজেডএম শফিকুল আলম সাংবাদিকদের জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে মোট ৯১ জন আগ্রহ প্রকাশ করেছিলেন। আর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন ৫৬ জন।
তিনি সাংবাদিকদের বলেন, "জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার জনের মধ্যে থেকে এক জনকে বাদ দিয়ে তিন জন এবং শেকৃবির তিন জনের প্যানেল দুটি শিগগিরই আচার্যের (চ্যান্সেলর) কাছে পাঠানো হবে। এ থেকে দুই জনকে উপাচার্য পদে নিয়োগ দেবেন বিশ্ববিদ্যালয় দুটির আচার্য প্রধান উপদেষ্টা।"
সোমবারের সভায় মোট ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের (দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) উপাচার্যের প্যানেল ঠিক করার কথা থাকলেও শেষ পর্যন্ত দুটির ঠিক হয়।
শফিকুল আলম বলেন, "আগামী সপ্তাহে আবার সার্চ কমিটির সভা হবে। সেখানে বাকি চারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে প্যানেল ঠিক করা হবে বলে আশা করছি।"
এর আগে গত ৯ জুন সার্চ কমিটি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে ২৬টি আগ্রহপত্রের মধ্য থেকে বাছাই করে তিন জনের একটি প্যানেল তৈরি করে তা আচার্যের কাছে পাঠায়।
সোমবারের সভায় সার্চ কমিটির নয় জন সদস্যই উপস্থিত ছিলেন। এর বাইরে শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানও সভায় যোগ দেন।
১৯৭৩ এর অধ্যাদেশের আওতায় পরিচালিত ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাদে অন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের জন্য গত বছরের ২৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয় 'সার্চ কমিটি' গঠন করে।
সার্চ কমিটিতে চেয়ারম্যান হিসাবে রয়েছেন শিক্ষা সচিব এবং কো-চেয়ারম্যান হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বিশ্ববিদ্যালয়) কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।
এই কমিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের শূন্য পদে নিয়োগের জন্য উন্মুক্ত পদ্ধতিতে আগ্রহপত্র আহ্বানের পর সেখান থেকে যোগ্য প্রার্থী বাছাই করে আচার্যের কাছে সুপারিশ পাঠায়।
কমিটির অপর সদস্যরা হলেন, ইস্ট-ওয়েস্ট ইউনির্ভাসিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. এহসানুল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. নূরউদ্দীন আহমদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাফিজ জিএ সিদ্দিকী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কাজী সালেহ আহমেদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের সাবেক ডিন অধ্যাপক এস এম বুলবুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমআই/১৫৫৬ ঘ.
bdnews24